প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৪
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
ফুটবলের নতুন ভোরে তৃণমূলের সাফল্যের হাতছানিতে আশার আলো জ্বলছে

দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে নতুন প্রাণের স্পন্দন এনে দিয়েছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। তৃণমূল পর্যায় থেকে তৈরি হওয়া একদল উদীয়মান ফুটবলারের অদম্য লড়াই আর প্রতিভার প্রদর্শনীতে মুখরিত হতে যাচ্ছে দেশের বিভিন্ন স্টেডিয়ামের গ্যালারি। শুধু ট্রফি জয়ের লড়াই নয়, এই টুর্নামেন্ট হতে যাচ্ছে দেশের ফুটবলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার এবং জাতীয় দলের জন্য নতুন তারকা খুঁজে নেওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম।
ক্রীড়ামোদীরা উৎফুল্ল কণ্ঠে জানান, “পেশাদার লিগের পাশাপাশি এমন টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা হলে আমাদের যুবসমাজ যেমন খেলাধুলার প্রতি আগ্রহী হবে, তেমনি দেশের ফুটবলও আবার এশিয়ান পর্যায়ে শক্ত জায়গা করে নিতে পারবে।”
টুর্নামেন্ট পরিচালনায় সুশৃঙ্খল ব্যবস্থাপনা, নিরপেক্ষ রেফারিং এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ম্যাচগুলোর মান অনেক বাড়িয়ে দেবে। আয়োজকদের প্রত্যাশা, এই গোল্ড কাপের ফাইনাল ম্যাচটি দেশের ক্রীড়া জগতে এক নতুন ইতিহাসের সূচনা করবে।
পরিকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়িয়ে এই তরুণ খেলোয়াড়দের দীর্ঘমেয়াদে লালন-পালন করতে পারলে আগামী দিনে এদের হাত ধরেই বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ফুটবল প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আপাতত সেই আশার আলোই জ্বালিয়ে রাখলো।
পেছালো উদ্বোধন
ক্রীড়াকণ্ঠ প্রতিবেদন ॥ প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে এই টুর্নামেন্টের। রোববার (২ আগস্ট ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) ড. এম. এইচ. এম. ফজলে রাব্বী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ৯ আগস্টের পরিবর্তে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উদ্বোধনের চূড়ান্ত তারিখ এবং খেলার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্যে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে আকস্মিক এই সূচি পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো কারণ নোটিশে উল্লেখ করা হয়নি।








