প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২২:৪৮
আর্জেন্টিনার জয়ে ফল উৎসবের ঘোষণা!
বাবুরহাটের ফল ব্যবসায়ী মহসিন মিজির ব্যতিক্রমী ভালোবাসা

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে ফল ব্যবসার পরিচিত মুখ মো. মহসিন মিজি। দীর্ঘ ১৮ বছর ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন তিনি। বড়ো মসজিদ সংলগ্ন মতলব রোডে অবস্থিত তার ফলের দোকানে সারা বছরই পাওয়া যায় আম, কমলা, আপেল, খেজুরসহ নানা ধরনের দেশি-বিদেশি ও মৌসুমি ফল। উন্নত মানের ফল এবং আন্তরিক ব্যবহারের কারণে বাবুরহাট বাজারে ‘মহসিনের ফলের দোকান’ এক নামে পরিচিত। তবে ব্যবসার পাশাপাশি মহসিন মিজির আরেকটি পরিচয় রয়েছে—তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন অন্ধ ভক্ত। ফুটবলের প্রতি তার আবেগ এতোটাই গভীর যে, কোনো আর্জেন্টিনা সমর্থক তার দোকানে এসে দলের প্রতি ভালোবাসার কথা জানালে তিনি অনেক সময় ফলের দামেও বিশেষ ছাড় দেন।
|আরো খবর
আসন্ন বিশ্বকাপকে ঘিরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে মহসিন মিজি জানান, তার দৃঢ় বিশ্বাস এবারের আসরেও আর্জেন্টিনাই শিরোপা জয় করবে। তিনি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলে সকল আর্জেন্টিনা সমর্থকের জন্যে তার দোকানের প্রতি কেজি ফলে ২০ টাকা করে ছাড় দেওয়া হবে। আর যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে, তাহলে তিনি তার দোকানের ফল দিয়ে বড়ো পরিসরে আনন্দ উদযাপন করবেন এবং সবাইকে ফল খাওয়াবেন।
মহসিনের সবচেয়ে প্রিয় ফুটবলার লিওনেল মেসি। তিনি বলেন, “মেসি শুধু একজন মহান ফুটবলারই নন, তিনি মাঠে অত্যন্ত ভদ্র ও পরিপাটি খেলোয়াড়। তার খেলার ধরণ, নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাকে সবসময় মুগ্ধ করে।”
তিনি আরও বলেন, “আর্জেন্টিনা একটি গোছানো ও মার্জিত দল। তারা দৃষ্টিনন্দন ফুটবল খেলে এবং প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। তাই আমার বিশ্বাস, শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে অপরাজিতভাবেই আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে।”
বাবুরহাটের এই আর্জেন্টিনাপ্রেমী ফল ব্যবসায়ীর এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দ।







