প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:২৮
চাঁদপুরের বিশিষ্টজনদের পছন্দে এগিয়ে আর্জেন্টিনা
বিশ্বকাপ নিয়ে চাঁদপুর কণ্ঠের বিশেষ আয়োজনে ফুটে উঠেছে আকাশি-সাদা আবেগ

ফিফা বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা বাংলাদেশের মানুষের কাছে নতুন কিছু নয়। বিশ্বকাপ যতো ঘনিয়ে আসে কিংবা চলতে থাকে, ততোই বাড়তে থাকে প্রিয় দল নিয়ে আলোচনা, বিতর্ক, বিশ্লেষণ এবং আবেগের প্রকাশ। সে আলোকে ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে চালাচ্ছে বিশেষ আয়োজন ‘কার কোন্ দল, পছন্দ, কারণ ও আশাবাদ’। গত বারো দিন ধরে প্রকাশিত এই আয়োজনে অংশ নিয়েছেন চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা, এমনকি শিশু-কিশোর-তরুণরাও। কবি, লেখক, গীতিকার, সুরকার, সংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী এবং শিক্ষার্থীরা তাদের প্রিয় দল, সেই দলের প্রতি ভালোবাসার কারণ এবং বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। প্রকাশিত লেখাগুলোর বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী প্রায় ষাট শতাংশজনই আর্জেন্টিনা দলের সমর্থক। বাকিদের মধ্যে রয়েছে ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইরানসহ অন্যান্য দেশের সমর্থক।
আর্জেন্টিনাকে সমর্থনের পেছনে অধিকাংশজনই তুলে ধরেছেন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার প্রভাব, লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ার, দলের শৈল্পিক ফুটবল এবং দীর্ঘদিনের আবেগময় সম্পর্কের কথা। অনেকেই উল্লেখ করেছেন, আর্জেন্টিনার খেলায় যে নান্দনিকতা ও দলগত সমন্বয় দেখা যায়, তা তাদের বারবার মুগ্ধ করেছে।
অনেক ব্যক্তি ও বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা নতুন নয়। ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার অসাধারণ পারফরম্যান্স থেকে শুরু করে বর্তমান সময়ে মেসির বিশ্বজয় পর্যন্ত দীর্ঘ পথচলায় আর্জেন্টিনা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর সেই সমর্থন আরও দৃশ্যমান হয়েছে।
তবে এই আয়োজনে শুধু আর্জেন্টিনার আধিপত্যই নয়, ফুটবলের বৈচিত্র্যময় সমর্থন-সংস্কৃতিও উঠে এসেছে। ব্রাজিলের সৌন্দর্যময় আক্রমণাত্মক ফুটবল, জার্মানির শৃঙ্খলাবদ্ধ দলীয় খেলা এবং অন্যান্য দলের প্রতি ভালোবাসার কথাও স্থান পেয়েছে অংশগ্রহণকারীদের লেখায় ও বলায়। সামগ্রিকভাবে ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’-এর এই বিশেষ আয়োজন প্রমাণ করেছে, ফুটবল খেলা মানুষের আবেগ, স্মৃতি, ভালোবাসা ও পরিচয়েরও একটি অংশ। আর চাঁদপুরের বিশিষ্টজনদের লেখায় ও বলায় এবারের বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হয়েছে, তা নিঃসন্দেহে আর্জেন্টিনা।
আমি নিজেও আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। ছোটবেলা থেকেই তাদের শৈল্পিক ফুটবল, নিখুঁত পাসিং, আক্রমণভাগের সৃজনশীলতা এবং দলগত সমন্বয় আমাকে মুগ্ধ করে এসেছে। আর্জেন্টিনার খেলা শুধু জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের ফুটবলে রয়েছে এক ধরনের শিল্পের ছোঁয়া, যা একজন ফুটবলপ্রেমীকে বারবার আকৃষ্ট করে। ডিয়েগো ম্যারাডোনার সময় থেকে শুরু করে বর্তমান প্রজন্মের লিওনেল মেসি পর্যন্ত অসংখ্য কিংবদন্তি ফুটবলারের জন্ম দিয়েছে এই দল। মাঠে তাদের আত্মবিশ্বাস, লড়াকু মানসিকতা এবং দেশের জন্য সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার মানসিকতা সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে।
বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনা প্রমাণ করেছে যে তারা শুধু তারকানির্ভর দল নয়, একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট।
বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে আমি আশাবাদী, আর্জেন্টিনা আবারও তাদের সেরাটা উপহার দেবে। দলের বর্তমান খেলোয়াড়দের অভিজ্ঞতা, তারুণ্য ও পারফরম্যান্সের ধারাবাহিকতা বিবেচনায় আমি বিশ্বাস করি, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনাই বিজয়ী হবে এবং আবারও বিশ্বকাপের সোনালি ট্রফি মেসিদের হাতেই উঠবে। আমার প্রত্যাশাসহ চাঁদপুর কণ্ঠের আয়োজনে প্রকাশিত সকলের লেখা দেখে বিশ্লেষণ করে দেখা গেছে এ পর্যন্ত যারাই নিজের পছন্দের দলটি নিয়ে লিখেছেন তাদের মধ্যে প্রায় চার ভাগের তিন ভাগ ব্যক্তিই আর্জেন্টিনার সমর্থক। আমিও চাই এবারের বিশ্বকাপের ফাইনাল খেলাতে আর্জেন্টিনার হাতেই বিজয়ের কাপ উঠুক..







