প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২২:৩৬
মাঠের দাবিতে সরব তরুণরা
টানটান উত্তেজনায় পশ্চিম হোসেনপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

তরুণদের প্রাণের স্পন্দন ফুটবল। সেই স্পন্দনকে ঘিরেই চাঁদপুর সদর উপজেলার পশ্চিম হোসেনপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং মাঠজুড়ে ছিলো দর্শকদের উপচেপড়া ভিড়।
|আরো খবর
ওমান প্রবাসী মো. রাজীব মিজির উদ্যোগে ৬টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্ট তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। তবে খেলাধুলার এই উচ্ছ্বাসের মধ্যেই স্থানীয়দের পক্ষ থেকে জোরালোভাবে উঠে আসে একটি স্থায়ী খেলার মাঠের দাবি।
শুক্রবার (১৯ জুন ২০২৬) পশ্চিম হোসেনপুর মাদ্রাসা ঈদগাহে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় পশ্চিম হোসেনপুর স্পোর্টিং ক্লাব ও নতুন স্বপ্ন স্পোর্টিং ক্লাব হোসেনপুর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এই ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে জয়লাভ করে নতুন স্বপ্ন স্পোর্টিং ক্লাব।
বাবুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও ৪নং ওয়ার্ড আশিকাটি ইউনিয়নের মেম্বার প্রার্থী মো. মাসুদ মালের তত্ত্বাবধানে এবং সার্বিক ব্যবস্থাপনায় পশ্চিম হোসেনপুর স্পোর্টিং ক্লাব দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের মধ্যে ছিলো টানটান উত্তেজনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের বকুল। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি পশ্চিম হোসেনপুরে একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করতে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণরা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সামাজিক মূল্যবোধ অর্জন করে। সমাজের কিশোর ও যুবকদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই।
উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, যুবদলের সভাপতি বারেক খান, যুবদল নেতা আলাউদ্দিন পাটোয়ারী, মামুনুর রহমান, মাঈনুদ্দিন গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল আহমেদ, বিএনপি নেতা মফিজুর রহমান, হাবিবুর রহমান খান, কাজী মাঈনুদ্দিন রানা, যুব নেতা রুবেল গাজী এবং ছাত্রনেতা হৃদয় মালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন এ অঞ্চলের সুপরিচিত রেফারি মো. আবুল কালাম বেপারী।
খেলা উপভোগ করতে হাজারো দর্শকের উপস্থিতি ফাইনাল ম্যাচকে আরও প্রাণবন্ত করে তোলে। খেলা শেষে স্থানীয়রা পশ্চিম হোসেনপুরে একটি স্থায়ী খেলার মাঠ প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।








