প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৬:২৭
লাল জার্সির টানে পর্তুগালের ভক্ত নামিরা
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে খুদে এ সমর্থক

ফুটবল বিশ্বকাপ এলেই সারা বিশ্বের মতো বাংলাদেশের ঘরেও শুরু হয় প্রিয় দলের প্রতি ভালোবাসা আর উচ্ছ্বাসের প্রকাশ। তেমনি চাঁদপুরের খুদে শিক্ষার্থী নামিরা জাহান তাসকিয়া বিশ্বকাপে তার প্রিয় দল হিসেবে বেছে নিয়েছে পর্তুগালকে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর বাবুরহাট শাখার নার্সারি শ্রেণির শিক্ষার্থী নামিরা ফুটবল খেলা খুবই পছন্দ করে। তবে পর্তুগালকে ভালোবাসার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা সে নিয়মিত দেখে এবং তার একজন বড়ো ভক্ত। রোনালদোর নান্দনিক খেলা ও মাঠের পারফরম্যান্স তাকে মুগ্ধ করে। তবে শুধু রোনালদোই নয়, পর্তুগালের লাল রঙের জার্সিও তার খুব প্রিয়। তার নানা মানিক মাল তাকে পর্তুগালের একটি জার্সি উপহার দিয়েছেন। প্রিয় দলের জার্সি পেয়ে সে দারুণ আনন্দিত। জার্সিটি পরেই সে বিশ্বকাপের খেলা দেখার প্রস্তুতি নিচ্ছে। খুদে এই সমর্থক আশাবাদ ব্যক্ত করে জানায়, এবারের বিশ্বকাপে পর্তুগাল চ্যাম্পিয়ন হবে। একই সঙ্গে সে বিশ্বাস করে, পর্তুগালের লাল জার্সি বিশ্বজুড়ে আরও বেশি জনপ্রিয়তা ও প্রচারণা পাবে।
মজার বিষয় হলো, নামিরার পরিবারে রয়েছে তিনটি ভিন্ন দলের সমর্থক। তার পিতা, মুন্সিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহিবুল্লাহ হাজরা, সমর্থন করেন আর্জেন্টিনাকে। অন্যদিকে তার মা ব্রাজিলের সমর্থক। আর পরিবারের ছোট্ট সদস্য রয়েছে পর্তুগালের পক্ষে। ফলে একই পরিবারের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল—তিনটি জনপ্রিয় দলের সমর্থকদের উপস্থিতিতে বিশ্বকাপের আনন্দ যেন আরও রঙিন হয়ে উঠেছে।
ফুটবলপ্রেমী এই পরিবারের প্রত্যাশা, প্রিয় দলগুলো ভালো খেলবে এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ্য হয়ে উঠবে। আর খুদে সমর্থক নামিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তার প্রিয় পর্তুগালের সাফল্যের জন্য।








