শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৪:৩০

বিশ্বকাপ জিতবে ব্রাজিল: আনিসুজ্জামান জুয়েল

আনিসুজ্জামান জুয়েল বিশ্বাস করেন এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে

আব্দুল্লাহ আল মামুন
বিশ্বকাপ জিতবে ব্রাজিল: আনিসুজ্জামান জুয়েল

বিশিষ্ট ব্যবসায়ী ও আশিকাটি রাইজিং স্টার ক্লাবের প্রধান উপদেষ্টা আনিসুজ্জামান জুয়েল ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ভাবনায় চাঁদপুর কণ্ঠকে বলেছেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্বাস করেন, খেলাধুলার প্রসার ঘটলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে।

তিনি বলেন, “আমি যখন সপ্তম শ্রেণিতে পড়তাম, তখন পাঠ্যবইয়ে ব্রাজিলের ইতিহাস পড়ে দেশটির প্রতি আগ্রহ জন্মেছিলো। সেখান থেকেই ফুটবল কিংবদন্তি পেলে সম্পর্কে জানতে পারি। পরবর্তীতে ডুঙ্গা, রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস এবং বর্তমান সময়ের নেইমারের নান্দনিক ফুটবল আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রবার্তো কার্লোসের অবিশ্বাস্য ঘূর্ণি শট আজও ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে আছে।”

তিনি আরও বলেন, “আমি ভালো খেলোয়াড়দের সবসময়ই সম্মান করি। ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ বিশ্বের অনেক তারকা ফুটবলারের খেলাও আমার খুব পছন্দের। ফুটবল মানুষের মধ্যে সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।”

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনার সন্তানদের মাঠমুখী করুন। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায়ের পর তাদের খেলাধুলার সুযোগ করে দিন। বাবুরহাটের মতো মাঠগুলোকে কাজে লাগিয়ে শিশু-কিশোরদের ফুটবলসহ বিভিন্ন খেলায় উৎসাহিত করতে হবে। সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে শক্তিশালী দল গড়ে তুলতে পারলেই খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।” জেলার ক্রীড়াঙ্গনকে আরও জনপ্রিয় করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান। আসন্ন বিশ্বকাপ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে আনিসুজ্জামান জুয়েল বলেন, “আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী নান্দনিক খেলা উপহার দিয়ে শিরোপা জয় করবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়