প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০০:৫২
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৮
হাজীগঞ্জ পৌরসভাকে পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন এবং জবাবদিহিমূলক করতে চাই
.........মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী

ব্যবসায়িক,রাজনৈতিক ও সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ হাসান মিয়াজী। নিজ এলাকাতে নিজের অর্থায়নে ব্যাপক উন্নয়ন করেছেন। যে কোনো মানুৃষের বিপদে এগিয়ে আসছেন তিনি। শিক্ষানুরাগী মোহাম্মদ হাসান মিয়াজী বিএনপি ঘরানার রাজনীতি করছেন সেই ছোট বেলা থেকে। হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা মোহাম্মদ হাসান মিয়াজী আসছে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ইতোমধ্যে প্রচার-প্রচারণা করছেন ও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দৈনিক চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক আয়োজন 'স্থানীয় সরকার নির্বাচন : সম্ভব্য প্রার্থীর মুখোমুখি' তে দেয়া সাক্ষাৎকারটি হুবহু নিচে তুলে ধরা হলো--
|আরো খবর
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার রাজনৈতিক, সামাজিক ও কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি বলুন।
মোহাম্মদ হাসান মিয়াজী : আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তৎকালীন সময়ে বাংলাদেশ বিনির্মাণে তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচির প্রতি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করি। কারণ, আমার কাছে মনে হয়েছে ১৯ দফা কোনো রাজনৈতিক ঘোষণাপত্র ছিলো না। এটি ছিলো একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মনির্ভরশীল রাষ্ট্রের স্বপ্ন। আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পরবর্তীতে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বরত আছি।
বিগত দিনে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে অন্যায়ভাবে আমাকে ডাবল মার্ডার মামলার আসামি সহ বেশ ক'টি মামলার আসামি করা হয়েছে। ওইসব মামলায় আমি জেল খেটেছি। সবশেষ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আমাকে গ্রেফতার এবং বিস্ফোরক মামলার আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন হাজতবাস, পুলিশি নির্যাতন ও হয়রানির কারণে আমি সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও দলীয় কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি শিক্ষা, মানবিক, সামাজিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। ব্যক্তিজীবনে আমি একজন ব্যবসায়ী।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে হাজীগঞ্জ পৌরসভার কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
মোহাম্মদ হাসান মিয়াজী : আমি মেয়র পদপ্রার্থী।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
মোহাম্মদ হাসান মিয়াজী : না, আমি অতীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণে ইচ্ছুক এবং আগ্রহী। যেহেতু মানবসেবার উদ্দেশ্যে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, সেহেতু পদ-পদবী থাকলে মানুষের কাঙ্ক্ষিত সেবা করা সম্ভব বলে আমি মনে করি। তাই, আমি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী। তাছাড়া, আমার কাছে পৌরসভার প্রদত্ত সেবার কিছু বিষয়ে ঘাটতি ও অসমাঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। তাই, আমি সেসব ঘাটতি পূরণে পৌরসভার ১২টি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাই।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন?
মোহাম্মদ হাসান মিয়াজী : অবশ্যই আমি দলীয় সমর্থন ও মনোনয়ন প্রত্যাশী এবং আমি আশাবাদী, দল আমাকেই মনোনীত করবে। এছাড়া বিকল্প কিছু ভাবছি না।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য কী?
মোহাম্মদ হাসান মিয়াজী : পৌরবাসীর সেবা করার উদ্দেশ্যে জনগণের প্রার্থী হিসেবে দলীয় ব্যানারে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ্ ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে হাজীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে উপহার দিতে পারবো।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী?
মোহাম্মদ হাসান মিয়াজী : সময়ের সাথে সাথে আমার দৃশ্যমান পরিকল্পনা প্রকাশিত হবে। প্রাথমিকভাবে গণসংযোগ শুরু করেছি এবং ভবিষ্যতেও মানবিক কাজ চালিয়ে যাবো।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : নির্বাচন সুষ্ঠু হবে বলে আপনি আশাবাদী?
মোহাম্মদ হাসান মিয়াজী : আমি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিষয়ে শতভাগ আশাবাদী।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনার প্রতিশ্রুতি কী?
মোহাম্মদ হাসান মিয়াজী : হাজীগঞ্জ পৌরসভাকে সমৃদ্ধ, পরিকল্পিত ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার অতিরিক্ত বক্তব্য?
মোহাম্মদ হাসান মিয়াজী : পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি ও ড্রেনেজ সমস্যা রয়েছে। নির্বাচিত হলে যানজট নিরসনসহ এসব সমস্যার সমাধান করবো এবং জবাবদিহিতা নিশ্চিত করবো।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।
মোহাম্মদ হাসান মিয়াজী : আমি হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা এবং একজন ব্যবসায়ী। হাজীগঞ্জ বাজারসহ রাজধানী ঢাকায় আমার ব্যবসা রয়েছে।
ডিসিকে /এমজেডএইচ








