বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দেড়যুগ পূর্তি উৎসব

সেরা কণ্ঠ ও আবৃত্তির ফাইনালে ৩৬ প্রতিযোগী

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
সেরা কণ্ঠ ও আবৃত্তির ফাইনালে ৩৬ প্রতিযোগী

গান ও আবৃত্তির নতুন প্রতিভা অন্বেষণে চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে চলমান ‘দ্বিতীয় সেরা কণ্ঠ’ এবং ‘প্রথম সেরা আবৃত্তি’ প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে। বিভিন্ন কঠিন ধাপ পেরিয়ে কণ্ঠশিল্পী বিভাগে ১৮ জন এবং আবৃত্তির দুটি বিভাগে আরও ১৮ জনসহ সর্বমোট ৩৬ জন প্রতিযোগী ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছেন।

সংগঠনটির দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার এ গুরুত্বপূর্ণ পর্ব। এদিন সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে অংশ নেওয়া ২৫ জনের মধ্য থেকে ১৮ জন ফাইনালের টিকিট পান। একই দিনে সেরা আবৃত্তি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ‘ক’ বিভাগে ২৩ জনের মধ্যে ১২ জন এবং ‘খ’ বিভাগে ৯ জনের মধ্যে ৬ জন ফাইনালে উন্নীত হন।

‘দ্বিতীয় সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার ফাইনাল পর্বে উত্তীর্ণ ১৮ জন হলেন— পুনম চক্রবর্তী (মতলব), মেঘা ঘোষ, প্রজ্ঞা পাল, কাজী কাবিসা, অর্না মজুমদার, শ্রদ্ধা গোস্বামী, দেবরাজ সরকার, স্বর্ণালী সরকার, কৃষ্ণকলি দেবনাথ, সানজিদা আলম সাঞ্জু, নিয়ন্তা সরকার, শ্রাবণ দাস ও আরুশি সরকার (চাঁদপুর সদর); পৃথুলা মজুমদার (ফরিদগঞ্জ); আদিত্য দাস, প্রত্যাশা আচার্য প্রাচী ও মৌমিতা সাহা (হাজীগঞ্জ) এবং অনন্ত দে অপু (হাজীগঞ্জ)।

তৃতীয় রাউন্ডে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা তিনে অবস্থান নিশ্চিত করেন হাজীগঞ্জের অনন্ত দে অপু (প্রথম), চাঁদপুর সদরের কৃষ্ণকলি দেবনাথ (দ্বিতীয়) এবং একই উপজেলার কাজী কাবিসা (তৃতীয়)। এতে বিচারকের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈনুদ্দিন লিটন ভূঁইয়া ও চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার।

‘প্রথম সেরা আবৃত্তি’ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে ফাইনাল পর্বে স্থান করে নিয়েছেন চাঁদপুর সদরের ১২ জন— ওয়াশফিয়া আলম আরিশা, ইয়াস ইকবাল, সুপ্রতীম নন্দী অহন, আফিয়া সিদ্দিকা আইদাহ্, ইন্তিহা ইকবাল, আনাবিয়া আনোয়ার সাবিহা, জারীন সুবাহ্, মো. রাশীদুল ইসলাম, শাহরীন ইউসরা, মীরসাব মাহবীর শেখ, মুহতাদী শাফী ও সিদরাতুল মুনতাহা।

‘খ’ বিভাগে ফাইনালে লড়বেন সাহেলা মেহজাবীন ছোঁয়া, জিনিয়া ইসলাম, সুরমা আক্তার ও ইয়ামিন খান (চাঁদপুর সদর) এবং মিফতাহুল জান্নাত ও মাহজেবিন জান্নাত (ফরিদগঞ্জ)। আবৃত্তি বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা এবং বাংলা বিভাগের শিক্ষক শাহনাজ এমদাদ সাথী।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে নিবন্ধিত ৫৫ জন কণ্ঠশিল্পীকে নিয়ে গত ২১ মে ‘দ্বিতীয় সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। কয়েকটি ধাপ অতিক্রম করে ব্যান্ড ও আধুনিক গানের ওপর অনুষ্ঠিত তৃতীয় রাউন্ড থেকে ১৮ জন চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হন। অন্যদিকে, ৫০ জন নিবন্ধিত আবৃত্তিশিল্পীকে নিয়ে গত ২৯ আগস্ট শুরু হওয়া প্রতিযোগিতায় নজরুল কাব্যের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ড শেষে ১৮ জন ফাইনালের যোগ্যতা অর্জন করেন।

দেড়যুগের পথচলার পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে চাঁদপুরের নতুন প্রজন্মের উদীয়মান শিল্পীদের প্রতিভা বিকাশের চমৎকার সুযোগ তৈরি হয়েছে। এখন শুধু মূল মঞ্চের অপেক্ষা, যেখানে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিযোগীরা সেরা কণ্ঠ ও সেরা আবৃত্তিশিল্পীর খেতাব অর্জনে লড়াই করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়