প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬
ব্যাংককে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ শিক্ষার্থী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকালে আনন্দঘন পরিবেশে ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চারুকলা শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর আয়োজন করে আসছে ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘নর্থ ক্যানভাস বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় এবার ব্যাংককে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী।
১৫ সেপ্টেম্বর সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সোনিয়া মুন্নি এবং লাত ক্রাবাং জেলার সহযোগী পরিচালক। প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চারুকলা শিক্ষার্থী ও তরুণ শিল্পীদের আঁকা নজরকাড়া চিত্রকর্ম স্থান পায়।
আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ আয়োজনে চাঁদপুর চারুকলা একাডেমির যেসব শিক্ষার্থী অংশ নিয়েছেন, তাঁরা হলেন— নাফিসা ইসলাম, সাদিয়া ইসলাম, মুনতাহা ইসলাম, পৃথিরাজ পাল, অবনিশ জাগরী, মোমেনা ফাইরোজ নুহা, নূরুল ইসলাম ইভান, নূর নাহার আক্তার নুহা, প্রতীক পাল, তিথি দে, অথৈ রক্ষিত ও অরিন চন্দ্র দে।
চাঁদপুরের এসব তরুণ শিল্পীর আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ স্থানীয় চারুশিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নিজেদের সৃজনশীল কাজ প্রদর্শনের মাধ্যমে তাঁরা বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও তরুণ প্রজন্মের শৈল্পিক প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পেয়েছেন।
চাঁদপুর চারুকলা একাডেমির এই অংশগ্রহণের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন একাডেমির অধ্যক্ষ চিত্রশিল্পী অজিত দত্ত।
জানা গেছে, আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে আগামী ১২ অক্টোবর ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।







