প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:১৭
এই সম্মাননা কেবল একজন ব্যক্তির অর্জন নয়

সম্মান কখনো কেবল একটি স্মারক নয়; এটি দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, ত্যাগ ও কর্মময় জীবনের সামাজিক স্বীকৃতি। চাঁদপুরের সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবার অঙ্গনে যাঁরা নিরলস অবদান রেখে চলেছেন, তাঁদের মধ্যে রোটারিয়ান কাজী শাহাদাত একটি সুপরিচিত ও শ্রদ্ধার নাম। দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক এবং চাঁদপুর প্রেস ক্লাবের দুবারের সাবেক সভাপতি কাজী শাহাদাতকে দৈনিক চাঁদপুর প্রবাহের ২৫ বছরপূর্তি উপলক্ষে ‘রজতজয়ন্তী আজীবন সম্মাননা’ প্রদান নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও যথার্থ সিদ্ধান্ত। চার দশকের বেশি সময় ধরে তিনি স্থানীয় সাংবাদিকতার বিকাশে যে ভূমিকা পালন করেছেন, তা কেবল একটি পত্রিকা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং অসংখ্য তরুণ সাংবাদিকের হাতে খড়ি, পেশাগত দিকনির্দেশনা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। চাঁদপুরের প্রথম দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে আধুনিক স্থানীয় সাংবাদিকতার যে ভিত্তি তিনি নির্মাণ করেছিলেন, তার সুফল আজও এ জেলার গণমাধ্যমে প্রতিফলিত হচ্ছে। সংবাদপত্রকে জনকল্যাণ, সত্যনিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
|আরো খবর
এটি কাজী শাহাদাতের চতুর্থ আজীবন সম্মাননা। এর আগে বিতর্ক আন্দোলন, সাংবাদিকতা এবং সামাজিক নেতৃত্বে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বোচ্চ সম্মান লাভ করেছেন। পাশাপাশি ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড, জাতীয় সাহিত্য পরিষদ পদক, জেলা শিল্পকলা একাডেমি পদক, নাসিরউদ্দীন পদকসহ অসংখ্য জাতীয় ও আঞ্চলিক সম্মাননা তাঁর কর্মজীবনকে সমৃদ্ধ করেছে। সম্প্রতি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৪০ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা প্রদানও তাঁর বহুমাত্রিক অবদানের আরেকটি স্বীকৃতি।
সাংবাদিকতার পাশাপাশি রোটারী আন্দোলন, সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবায় তাঁর সক্রিয় সম্পৃক্ততা তাঁকে একজন বহুমাত্রিক ব্যক্তিত্বে পরিণত করেছে। কর্মময় জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছেন। আমরা বিশ্বাস করি, কাজী শাহাদাতের এই সম্মাননা কেবল একজন ব্যক্তির অর্জন নয়, এটি চাঁদপুরের সাংবাদিকতা ও গণমাধ্যমেরও সম্মান। তাঁর মতো অভিজ্ঞ, আদর্শবান ও দূরদর্শী সাংবাদিকের কর্মজীবন আগামী প্রজন্মের জন্যে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।






