প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮
শাওয়ালের ছয় রোজার গুরুত্ব ও ফযিলত

রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক মহা প্রশিক্ষণ ক্ষেত্র। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তার নফসকে নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা লাভ করে। কিন্তু প্রশ্ন হলো—রমজান শেষে এই প্রশিক্ষণের ধারাবাহিকতা কীভাবে বজায় রাখা যায়? এর একটি গুরুত্বপূর্ণ উত্তর হলো শাওয়াল মাসের ছয়টি রোজা, যা ইসলামের এক মহান নফল ইবাদত।
ছয় রোজার ধর্মীয় ভিত্তি : শাওয়ালের ছয় রোজার গুরুত্ব মূলত হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ (সা:) বলেছেন“যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল।” (সহিহ মুসলিম) এই হাদিসটি ইসলামে ছয় রোজার মর্যাদা স্পষ্টভাবে তুলে ধরে। ইসলামের মৌলিক নীতির আলোকে জানা যায়, একটি নেক আমলের প্রতিদান অন্তত দশ গুণ বৃদ্ধি করা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, সে তার জন্য দশ গুণ প্রতিদান পাবে।” (সূরা আন‘আম: ১৬০)। এই আয়াত ও হাদিসের সমন্বয়ে আমরা বুঝতে পারি, রমজানের ৩০টি রোজা দশগুণে ৩০০ দিনের সমান এবং শাওয়ালের ৬টি রোজা দশগুণে ৬০ দিনের সমান। ফলে মোট ৩৬০ দিন বা প্রায় পুরো বছরের রোজার সওয়াব অর্জিত হয়।
ছয় রোজার তাৎপর্য : শাওয়ালের ছয় রোজা শুধু একটি নফল ইবাদত নয়; এটি রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের একটি ধারাবাহিকতা। রমজান আমাদের যে তাকওয়া, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়, এই ছয় রোজা সেই শিক্ষাকে ধরে রাখার একটি কার্যকর উপায়। প্রথমত, এটি রমজানের ঘাটতি পূরণ করে। মানুষের আমলে ভুল-ত্রুটি থাকাই স্বাভাবিক। রমজানে অনেক সময় ইবাদতে অলসতা, গাফেলতি বা মনোযোগের ঘাটতি দেখা যায়। শাওয়ালের ছয় রোজা সেই ত্রুটিগুলো পূরণে সহায়ক ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, এটি আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে ওঠে। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হয় যে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন। তৃতীয়ত, এটি ঈদের পর আত্মতুষ্টি ও গাফেলতি থেকে রক্ষা করে। অনেক সময় দেখা যায়, রমজান শেষে মানুষ ইবাদতে শিথিল হয়ে পড়ে। কিন্তু ছয় রোজা রাখার মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং ঈমানি চেতনা জাগ্রত থাকে।
সমাজ ও ব্যক্তিজীবনে প্রভাব : শাওয়ালের ছয় রোজা ব্যক্তি ও সমাজ উভয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ব্যক্তি পর্যায়ে এটি আত্মসংযম ও আল্লাহভীতি বাড়ায়। একজন রোজাদার ব্যক্তি সহজে অন্যায় কাজের দিকে ঝুঁকে পড়ে না। তার মধ্যে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতা বৃদ্ধি পায়। সমাজের ক্ষেত্রেও এর প্রভাব গুরুত্বপূর্ণ। যখন সমাজের অধিকাংশ মানুষ নেক আমলে অভ্যস্ত হয়, তখন সমাজে নৈতিকতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অপরাধ, অন্যায় ও অনৈতিক কাজ কমে আসে। ফলে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে ওঠে।
ছয় রোজা পালনের নিয়ম : শাওয়ালের ছয় রোজা ঈদের দিন ছাড়া মাসের যেকোনো ছয় দিনে রাখা যায়। একটানা রাখা বাধ্যতামূলক নয়; বরং আলাদা আলাদাভাবেও রাখা যায়। তবে অনেক আলেমের মতে, ঈদের পরপরই রাখা উত্তম, যাতে ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকে। যাদের রমজানের রোজা কাজা রয়েছে, তাদের জন্য আগে সেই কাজা রোজা আদায় করা অধিক উত্তম। এরপর শাওয়ালের ছয় রোজা রাখা উচিত।
শাওয়ালের ছয় রোজা ইসলামের একটি সহজ কিন্তু অত্যন্ত ফযিলতপূর্ণ আমল। এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, যেখানে অল্প কষ্টে বিশাল প্রতিদান লাভ করা যায়। রমজানের প্রশিক্ষণকে স্থায়ী রূপ দিতে এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এই ছয় রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব, আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো এবং নিজে আমল করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করা। কারণ, একটি ছোট আমলই হতে পারে আমাদের নাজাতের কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়ালের ছয় রোজা রাখার তাওফিক দান করুন। আমীন।লেখক : খতিব, মদিনা বাজার বাইতুল আমিন জামে মসজিদ,
প্রধান শিক্ষক ও পরিচালক : দারুসসুন্নাত বিসমিল্লাহ মডেল মাদ্রাসা
চাঁদপুর সদর, চাঁদপুর।






