শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৬:১৬

ড্যাফোডিল ও অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

চালু হচ্ছে ২+২ ও ৩+১ শিক্ষাপথ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ড্যাফোডিল ও অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়ার স্বনামধন্য 'ইউনিভার্সিটি অব উলংগং'-এর সঙ্গে ‘২+২’ এবং ‘৩+১’ শিক্ষাপথ চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । গত ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) অস্ট্রেলিয়ার উলংগংয়ে অবস্থিত ইউওডব্লিউর মূল ক্যাম্পাসে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ সমঝোতার আওতায় ডিআইইউর ব্যাচেলর অব এন্ট্রাপ্রেনিউরশিপ, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ ইন ইংলিশ এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

চুক্তি অনুযায়ী, ‘২+২’ শিক্ষাপথে শিক্ষার্থীরা ডিআইইউতে প্রথম দুই বছর অধ্যয়নের পর পরবর্তী দুই বছর ইউনিভার্সিটি অব উলংগংয়ে পড়ার সুযোগ পাবেন। অন্যদিকে, ‘৩+১’ শিক্ষাপথে ডিআইইউতে তিন বছর পড়ার পর শেষ এক বছর অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে সম্পন্ন করা যাবে। উভয় শিক্ষাপথই ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা, প্রোগ্রামের অনুমোদন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও একাডেমিক শর্ত পূরণের ওপর নির্ভরশীল হবে।

বৈঠকে ডিআইইউর প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া জোনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবদুল খান রতন। অন্যদিকে ইউনিভার্সিটি অব উলংগংয়ের পক্ষে উপস্থিত ছিলেন গ্লোবাল এনগেজমেন্টের অন্তর্বর্তীকালীন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জিয়াংতাও শি, ফ্যাকাল্টি অব আর্টস, সোসাইটি অ্যান্ড বিজনেসের ডেপুটি ডিন (গ্রোথ অ্যান্ড গ্লোবাল) অধ্যাপক ভেঙ্কাটা ইয়ানামান্দ্রাম, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেসের ডেপুটি ডিন (গ্রোথ অ্যান্ড গ্লোবাল) অধ্যাপক ফিলিপ ওগুনবোনা এবং গ্লোবাল পার্টনারশিপস বিভাগের উর্ধ্বতন প্রতিনিধিরা।

এই যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন বৈশ্বিক দক্ষতা অর্জন ও উন্নত ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ পাবেন।

ভবিষ্যতে এ শিক্ষাপথের পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও বিশ্বমানের যৌথ শিক্ষাদান কর্মসূচি প্রসারের বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া একাডেমিক অনুমোদন সাপেক্ষে তথ্যপ্রযুক্তি (আইটি) ও প্রকৌশল বিভাগেও এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক র‍্যাংকিং সংস্থা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে ইউনিভার্সিটি অব উলংগং, যা অস্ট্রেলিয়ার ১৩তম এবং বৈশ্বিক তালিকায় ১৯৫তম স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়