প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৪:১৯
মেঘনার ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি, কোটি টাকার ক্ষতি

চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ট্রলারের মালিক হানিফ বেপারী। তবে স্থানীয় মাঝিদের তৎপরতায় ট্রলারে থাকা চার আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে নারায়ণগঞ্জ থেকে ৪,৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আনুমানিক ১২টার দিকে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে এবং শহরতলীর বাগড়া বাজার ঘাটে পৌঁছানোর আগেই বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ট্রলারটির সুকানি হিসেবে দায়িত্বে ছিলেন আইয়ুব আলী।
দুর্ঘটনার সাথে সাথেই আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে ট্রলারের সুকানিসহ চার আরোহীকে নিরাপদে উদ্ধার করেন। খবর পেয়ে চাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর এবং সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম দাদন বলেন, "কোম্পানির সিমেন্টের ক্ষতিপূরণ হয়তো হিসাব করা যাবে, কিন্তু ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে এই ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা কামনা করছি।"
স্থানীয়রা জানান, চাঁদপুর বড় স্টেশন মোলহেড সংলগ্ন স্থানটি দীর্ঘদিন ধরেই নৌ-চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র ঘূর্ণিস্রোত ও অপরিকল্পিত নৌ-চ্যানেলের কারণে এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা সাধারণ ব্যবসায়ী ও নৌ-পরিবহন মালিকদের চরম হুমকির মুখে ফেলছে।







