শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ২১:১৪

শাহরাস্তির শ্লীলতাহানির ঘটনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সরজমিনে অনুসন্ধান

আদালত প্রতিবেদক।।
শাহরাস্তির শ্লীলতাহানির ঘটনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সরজমিনে অনুসন্ধান

শাহরাস্তিতে শ্লীলতাহানি, ভ্রাম্যমাণ আদালতের বিচার এবং পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় বিচারিক অনুসন্ধান শুরু হয়েছে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জাস্টিস অব দ্যা পিস, চাঁদপুর মুজাহিদুর রহমানের আদেশক্রমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান শুক্রবার (২২ মে ২০২৬) সরজমিনে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন।

অনুসন্ধানকালে তাঁকে সার্বিক সহযোগিতা করেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই চৌধুরী।

বিচারিক অনুসন্ধানের অংশ হিসেবে শাহরাস্তির চিতোষী গ্রামে অবস্থিত ভিকটিম পরিবারের বাড়ি পরিদর্শন করা হয়। এ সময় ভিকটিম, তার পিতা-মাতা, প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি এবং ঘটনার সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের জবানবন্দি গ্রহণ করা হয়।

অনুসন্ধানকালে ঘটনাস্থল থেকে ঘটনার স্থিরচিত্র, ভিডিও চিত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমানসহ দায়িত্বরত অন্যান্য পুলিশ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে শাহরাস্তি থানা পরিদর্শন করেন এবং উক্ত ঘটনাসংক্রান্ত বিভিন্ন নথি ও ডকুমেন্টস সংগ্রহ করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি শাহরাস্তির চিতোষী গ্রামে এক স্কুলছাত্রী ও তার মাকে শ্লীলতাহানির অভিযোগে আটক ব্যক্তিদের নিয়মিত আদালতে সোপর্দ না করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান এবং পরবর্তীতে ভিকটিম পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তৎপ্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ -এর ২৫ ধারা মতে জাস্টিস অব দ্যা পিস হিসেবে ঘটনাটির বিচারিক অনুসন্ধানের নির্দেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়