প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১:০৮
চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গনের মতবিনিময় সভা

চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাড. মো. নুরুল আমিন খান আকাশ।
চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গনের আহ্বায়ক অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব পি. এম. বিল্লাল হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও নারী সমাজসেবিকা মাহমুদা খানম, কণ্ঠশিল্পী অ্যাড. বিশ্বজিত কর রানা, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ, কণ্ঠশিল্পী বীরেন সাহা, বিনিময় নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, স্বপ্নকুঁড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুলতানা সেতু, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারী, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রতন বেপারী সেলিম, বিনোদন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক এবং নবরূপ সাংস্কৃতিক সংগঠনের সদস্য পিপল দাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করা, বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নিয়মিত অনুষ্ঠান আয়োজন এবং নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগ চাঁদপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও প্রাণবন্ত করবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








