প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২
চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্রেশার্স’ ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলেজের রাজু ভবনের অডিটোরিয়ামে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের ১৮ বছরের গৌরবময় পথচলা স্মরণের পাশাপাশি নবীন সদস্যদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও সিসিডিএফ-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক এ. কে. এম. আবদুল মাননান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের মডারেটর ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কিউ. এম. হাসান শাহরিয়ার, কো-মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মহসিন শরীফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিলন ও ফোরামের সাবেক সহ-সভাপতি ইব্রাহীম খলিল সজীব।
ফোরামের সভাপতি মুনিরা আক্তার পল্লবী ও সাধারণ সম্পাদক সাবিহানা সিরমীমের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. আবদুল মাননান বলেন, "বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশে অনন্য ভূমিকা রাখে। শ্রেণিকক্ষের পাঠদানের বাইরেও বিতর্ক চর্চা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।"
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ী হন আবরার আল মুজাহিদ (ভূগোল ও পরিবেশ বিভাগ), রাদিয়া ইসলাম (ইংরেজি বিভাগ) ও মাহমুদা তাসনিম (গণিত বিভাগ)। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সংগঠনের প্রবীণ ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি এক মহামিলনমেলায় পরিণত হয়। যুক্তি, জ্ঞান ও সাহসের প্রতীক হয়ে সংগঠনটিকে আরও দূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পরিশেষে, সভাপতির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।








