প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৩৩
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক
এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি
----অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তিনি তাঁর প্রিয় এই বিদ্যালয়ে এসে এর অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। দীর্ঘ সময় পর নিজ বিদ্যালয় প্রাঙ্গণে পা রেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রাক্তন ছাত্র হিসেবে গর্ববোধ করেন।
|আরো খবর
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, এই বিদ্যালয়ের মাটিতেই আমার বেড়ে ওঠা। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে পাঁচ বছর এই বিদ্যালয়ে পড়েছি। এখান থেকে এসএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হই। সেখানে লেখাপড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেছি। আজ যেখানে এসেছি, তার ভিত্তি স্থাপিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানেই। ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজেকে অনেক ধন্য মনে করেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্যে সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। পাশাপাশি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে আলোচনা করে এই প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন বলে তিনি আশ্বাস দেন।
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া, সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানীসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।








