প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৮
‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর আয়োজনে চাঁবিপ্রবিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মৈত্রী বৃক্ষরোপণ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর উদ্যোগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ কর্মসূচি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন শ্রীলঙ্কা থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
|আরো খবর
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ৯ম বাংলাদেশ-শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীলঙ্কার ন্যাশনাল ইয়ুথ সার্ভিসেস কাউন্সিল (এনওয়াইএসসি) ও ‘হোপ ৮৭’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ যুব বিনিময় কর্মসূচিতে অংশ নিতে শ্রীলঙ্কার প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর চাঁবিপ্রবি সমন্বয়ক এস এম মঞ্জুরুল ইসলাম সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খাদিজা খাতুন টুম্পা, আইসিটি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, ছাত্র হলের প্রভোস্ট আবু রুম্মান রিফাত, হোপ ৮৭ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেজাউল করিম বাবু প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে শ্রীলঙ্কান প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। এর মধ্য দিয়ে দু দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হয়।
বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধুত্বের শিকড় আরও গভীরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি দুই দেশের যুবসমাজের পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।







