প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২০:০১
সকালে খবর পেয়েই দুপুরে ব্যবস্থা
শাহরাস্তিতে খালের বর্জ্য অপসারণে পৌর প্রশাসকের দ্রুত পদক্ষেপ

পৌরবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে শাহরাস্তি পৌর এলাকার একটি খালের জমে থাকা বর্জ্য অপসারণের ব্যবস্থা করেছেন পৌর প্রশাসক মনিরা খাতুন।
|আরো খবর
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে শাহরাস্তি পৌর প্রশাসক মনিরা খাতুন পৌরসভার কোথায় কোথায় বর্জ্য জমে আছে, সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার জন্য পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে কয়েকজন নাগরিক সামাজিক মাধ্যম ও সরাসরি যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট কিছু স্থানে বর্জ্য জমে থাকার বিষয়টি তাঁকে জানান।
খবর পেয়ে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ছুটির দিন হওয়া সত্ত্বেও পৌর প্রশাসক সরজমিনে পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে তিনি পৌরসভার প্রাণকেন্দ্র মেহের কালীবাড়ী সংলগ্ন খালটিতে বিপুল পরিমাণ বর্জ্য ফেলে ভরাট করার দৃশ্য দেখতে পান। একই সঙ্গে পার্শ্ববর্তী মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অধিবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল--সেটা জানতে পারেন।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে পৌর প্রশাসক মনিরা খাতুন তাৎক্ষণিকভাবে খালের বর্জ্য অপসারণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলাম দ্রুত দুপুরের মধ্যেই এক্সেভেটর (ভেকু) এনে বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।
দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং পৌর প্রশাসকের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার এই ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে শাহরাস্তি পৌর প্রশাসক মনিরা খাতুন জানান, "পৌরসভার পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে আমরা সবসময় সোচ্চার। পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সচেতন নাগরিক হিসেবে যে কোনো স্থানে জমে থাকা বর্জ্যের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"








