প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৯:৫৮
ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন

ফরিদগঞ্জ পৌর এলাকার লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দিরের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।
|আরো খবর
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাতে তিনি মন্দির পরিদর্শনে গিয়ে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এ কামনা করি।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। আমি যদি মেয়র নির্বাচিত হই, তাহলে দলমত নির্বিশেষে রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করা এবং ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়নে কাজ করাই থাকবে আমার একমাত্র লক্ষ্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
এ সময় পূজামণ্ডপের আয়োজক, মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।






