প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:৪২
বাবুরহাটে ড্রেন পরিষ্কারের পর ময়লার স্তূপ! গন্ধ ও আবর্জনায় চরম দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা

দীর্ঘদিন পর চাঁদপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলেও চরম দুর্ভোগের মুখে পড়েছেন বাবুরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। ড্রেন থেকে তোলা নোংরা ময়লা-আবর্জনা সড়কের ওপরই স্তূপ করে ফেলে রাখায় গোটা বাজারে এক অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুরহাট বাজারের মধ্য বাজার এলাকাটি অত্যন্ত ব্যস্ততম স্থান। বাজারের প্রধান ড্রেনগুলোও এই মধ্য বাজারেই অবস্থিত। গত ১০ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পৌর পরিচ্ছন্নতাকর্মীরা ওই ড্রেনগুলোর জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। তবে ড্রেন থেকে নোংরা ময়লা তুলে তা সরাবে কে? পরিচ্ছন্নতাকর্মীরা সেই আর্বজনা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিক সামনেই বাগার দিয়ে স্তূপ করে রেখে চলে যান।
পরদিন ১১ অক্টোবর (রবিবার) বাবুরহাটের নিয়মিত হাটের দিন হওয়ায় বাজারে শত শত মানুষের সমাগম ঘটে। ড্রেনের জমাটবদ্ধ বর্জ্যের দুর্গন্ধে একপর্যায়ে বাজারে কেনাকাটা করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। শুধু ব্যবসায়ী ও ক্রেতারাই নন, এই পথ দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদেরও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভিডিও ক্যাপশন:
বাবুরহাট বাজারে ড্রেন পরিষ্কারের পর তোলা ময়লা-আবর্জনা রাস্তার ওপর ফেলে রাখায় ব্যবসায়ী ও যাতায়াতকারীদের চরম দুর্ভোগ। —ভিডিও: পলাশ দে
ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ড্রেন পরিষ্কার করা প্রশংসনীয় কাজ হলেও সেই ময়লা সড়কের ওপর ফেলে রেখে যাওয়া দায়িত্বহীনতার পরিচয়। এতে বাজারের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। যেন বিষয়টি দেখার কেউ নেই!
বাজারের ব্যবসায়িক পরিবেশ রক্ষা ও রোগজীবাণু ছড়ানো রোধে অবিলম্বে এই স্তূপীকৃত ময়লা-আবর্জনা অপসারণ করার জন্য সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ।
ডিসিকে /এমজেডএইচ








