শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২১:০৪

কারাতে শিখে ভালো পর্যায় পৌঁছাতে প্রশিক্ষণার্থীদের প্রতি জেলা প্রশাসকের প্রত্যাশা

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
কারাতে শিখে ভালো পর্যায় পৌঁছাতে প্রশিক্ষণার্থীদের প্রতি জেলা প্রশাসকের প্রত্যাশা

চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও সোতোকান কারাতে একাডেমির যৌথ আয়োজনে দিনব্যাপী এক কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়ে আত্মরক্ষা ও কারাতের নানা জটিল কলাকৌশল শেখেন।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দুপুরে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, “কারাতে চর্চার মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি আত্মরক্ষার কৌশল অর্জন করা যায়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা।”

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “তোমাদের অধিকাংশই স্কুলপড়ুয়া শিক্ষার্থী। তাই নিজেরা ভালোভাবে শিখে অন্যদের শেখাতেও হাত বাড়াতে হবে। খেলাধুলায় সুস্থ প্রতিযোগিতা থাকবে, তবে কারও প্রতি প্রতিপক্ষসুলভ বৈরী মনোভাব রাখা যাবে না।”

তিনি আরও বলেন, “কারাতে শিখে প্রশিক্ষণার্থীরা অনেক দূর এগিয়ে যাবে এবং ভালো পর্যায়ে পৌঁছাবে—এটাই আমাদের প্রত্যাশা। আত্মোন্নয়নে কারও ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি জানাতে পারো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি শিহান এ বি রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।

চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী।

দিনব্যাপী সেমিনারে প্রশিক্ষণার্থীদের আত্মরক্ষামূলক নানা কৌশল শেখানো হয়, যা তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়