প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০:৫৩
শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণায় বর্ণাঢ্য র্যালি

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহরাস্তিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার বলশিদ বাজারে এ কর্মসূচি আয়োজিত হয়।
|আরো খবর
বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রূপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। সমাজ ও বর্তমান প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সমাজের প্রতিটি স্তর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সর্বস্তরের সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আকুল আহ্বান জানান তাঁরা।
সমাবেশশেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বলশিদ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।








