প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২০:৪৪
মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া গ্রামের কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
|আরো খবর
গ্রেপ্তারকৃতরা হলো—উত্তর বালিয়া (কাজী বাড়ি) এলাকার মৃত রফিকুল ইসলাম কাজীর ছেলে মো. মনির হোসেন কাজী (৪৬) এবং একই এলাকার মৃত নুরুল ইসলাম গাজীর ছেলে সাহাদাৎ গাজী (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উত্তর বালিয়া গ্রামের কাজী বাড়িতে মনির হোসেন কাজীর নিজ দখলীয় বসতঘরের দক্ষিণ-পূর্ব পাশের শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেট থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০ ও ১০ পিসসহ মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি সিনথেটিক বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারনির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর-এর উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








