প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১:৪০
টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন অধ্যাপক ড. সেলিম রায়হান**

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
|আরো খবর
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত টিআইবির ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তিনি প্রথমবারের মতো সদস্য হিসেবে অংশ নেন। আগামী তিন বছর তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এজ অব ডেভেলপমেন্ট থিংকিং’ কর্মসূচির একজন অ্যালামনাই।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বর্তমান বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’-এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম।
এ ছাড়া ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন এবং ব্যারিস্টার মনজুর হাসান।








