প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:১০
বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার আসামি

হাইমচর উপজেলায় বিয়ে করতে এসে পুলিশের জালে ধরা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি
|আরো খবর
হাইমচর উপজেলায় বিয়ে করতে এসে পুলিশের জালে ধরা পড়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত (জিআর পরোয়ানাভুক্ত) পলাতক আসামি সবুজ গাজী।
বুধবার (৮ জুলাই ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার কালাচৌকিদার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাইমচর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শহিদ গাজী ওরফে সবুজ গাজী হাইমচর থানার চরভাঙ্গা (পূর্ব নাম গাজীপুর) এলাকার নুর ইসলাম গাজী ওরফে নুরুল হক গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সবুজের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় ২০১৬ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলার জিআর পরোয়ানা (বিঃ দাঃ মাঃ নং-১৬৪/২২) মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বিয়ে করার উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে হাইমচর থানা পুলিশ অভিযান চালিয়ে বিয়ের কনে দেখার প্রস্তুতির আগেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি সবুজকে কালাচৌকিদার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন তাৎক্ষণিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সূত্র : অগ্রযাত্রা প্রতিদিন।
ডিসিকে /এমজেডএইচ








