প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:২২
অধ্যক্ষ মাওলানা আ ন ম মুহিবুল্লাহর ইন্তেকাল

ফরিদগঞ্জের চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আ ন ম মুহিবুল্লাহ নোমান ইন্তেকাল করেছেন। তিনি বুধবার দিবাগত রাতে চাঁদপুরের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করাতে না পেরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়ার পথে আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
উল্লেখ্য, মাওলানা মুহিবুল্লাহ ছিলেন চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ ঐতিহাসিক বেগম জামে মসজিদের সাবেক খতিব, প্রখ্যাত বুজুর্গানে দ্বীন মাওলানা মোহাম্মদ রুহুল্লার মেজো ছেলে এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা এএইচএম আহসান উল্লাহর মেজো ভাই। তাঁর মৃত্যুর সংবাদে চাঁদপুর শহরে শোকের ছায়া নেমে আসে।
মাওলানা মুহিবুল্লাহকে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে সমাহিত করা হবে। তার আগে চাঁদপুর শহরে তাঁর নামাজে জানাজা হবে। সে সময়টি যথাসময়ে জানিয়ে দেয়া হবে মাইকিং করে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে।








