প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২১:৪৬
এমপির নির্দেশে ওয়্যারলেস এলাকার ট্যাক্সিক্যাব স্ট্যান্ড ইজারা বাতিল

সাম্প্রতিক সময়ে চাঁদপুর শহরে যানজটে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এর থেকে পরিত্রাণ পেতে স্থানীয় প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে চেষ্টার অংশ চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় ট্যাক্সিক্যাব স্ট্যান্ড বাতিল করা হয়েছে।
|আরো খবর
চাঁদপুর পৌরসভার মাইক্রো ও টেক্সিক্যাব ইজারাদার কর্তৃক ওয়্যারলেস এলাকায় স্ট্যান্ড বানিয়ে যাত্রী উঠানামা করানোর ফলে এ এলাকায় যানজটে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ বিষয়টি স্থানীয় এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নজরে আসে। তিনি বিষয়টি আমলে নিয়ে গত ১৪ জুন ২০২৬ তারিখে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদপুর পৌরসভাকে ওয়্যারলেস এলাকায় মাইক্রো ও টেক্সিক্যাব স্ট্যান্ড ইজারা বাতিল করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।
জানা যায়, এই নির্দেশের প্রেক্ষিতে চাঁদপুর পৌরসভার প্রশাসক গত ২১ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট ইজারাদার মো. শাহাবুদ্দিনকে এক পত্র প্রেরণ করেন। পত্রে ওয়্যারলেস এলাকায় ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাস স্ট্যান্ডের ইজারা বাতিলের বিষয়টি জানানো হয়।
পৌরসভার আদেশে উল্লেখ করা হয়, ইজারাকৃত স্ট্যান্ডের নির্ধারিত স্থানের পরিবর্তে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গাড়ি রাখা হচ্ছিলো। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ ওঠে। এ কারণে ইজারার শর্ত ভঙ্গের বিষয়ে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। নোটিসের জবাব দাখিল করা হলেও তা পৌরসভা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইজারা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চাঁদপুর পৌরসভা সূত্রে জানা যায়, জনস্বার্থ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পাশাপাশি পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরেও বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও নির্ধারিত স্থানে যানবাহন রাখার বিষয়ে পৌরসভা ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








