রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০২:২৩

লক্ষ্মীপুর ও চাঁদপুরে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ: আগামীকাল সফরে আসছেন বেজার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

মো. জাকির হোসেন ​,বিশেষ প্রতিবেদক
লক্ষ্মীপুর ও চাঁদপুরে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ: আগামীকাল সফরে আসছেন বেজার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
ছবি : প্রতীকী

লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায় নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও নির্ধারিত জমি পরিদর্শনে আগামীকাল সোমবার (২২ জুন ২০২৬) তিন দিনের সফরে আসছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বেজা-র নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব জনাব সালেহ আহমদ।

বেজা সূত্রে জানা গেছে, এই সরকারি সফরে প্রতিনিধি দলটি দুটি জেলার প্রস্তাবিত খাস জমি এবং বেজার অনুকূলে ইতিমধ্যে বন্দোবস্তপ্রাপ্ত জমিগুলো সরেজমিনে প্রাথমিক পরিদর্শন করবেন। সফরে বেজা-র মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ), পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-১), পরিচালক (পরিবেশ ও উন্নয়ন)-সহ প্রকল্পের ইনভেস্টমেন্ট প্রমোশন কনসালটেন্ট ও আরবান প্ল্যানারগণ সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন。

লক্ষ্মীপুরে প্রথম দিনের কর্মসূচি:
সফরসূচি অনুযায়ী, আগামীকাল ২২ জুন সোমবার সকাল ৭টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর ১২টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছাবে প্রতিনিধি দলটি। পরে দুপুর ২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণীমোহন ইউনিয়নের ১০২ নং চররমণীমোহন মৌজায় প্রস্তাবিত প্রায় ২২৮ একর খাস জমির সাইট পরিদর্শন করবেন তারা। সেদিন লক্ষ্মীপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

চাঁদপুরে বিশাল জমি পরিদর্শনের মহাপরিকল্পনা:
সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৩ জুন মঙ্গলবার সকাল ৯টায় লক্ষ্মীপুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০:৩০ মিনিটে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হবেন নির্বাহী সদস্য জনাব সালেহ আহমদ ও তাঁর দল। এরপর সকাল ১১:৩০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর মৌজায় অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম প্রস্তাবিত ‘৬০১৪.৪৯ একর’ জমির বিশাল সাইটটি পরিদর্শন করবেন তারা। ওইদিন চাঁদপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করার কথা রয়েছে তাঁদের।

এরপর সফরের শেষ দিন, ২৪ জুন বুধবার সকাল ৯টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় বেজার অনুকূলে ইতিমধ্যে বন্দোবস্তপ্রাপ্ত জমিগুলো সরেজমিনে পরিদর্শন করবে টিম। পরিদর্শন শেষে ওই দিনই বিকেল ২টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন তাঁরা।

যৌথ ব্যবস্থাপনায় তিন উপজেলার প্রশাসন:
গুরুত্বপূর্ণ এই সফরটি সফল করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-র পাশাপাশি লক্ষ্মীপুর ও চাঁদপুরের জেলা প্রশাসক এবং লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) সার্বিক সমন্বয় ও আইন-শৃঙ্খলাসহ প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, লক্ষ্মীপুরের চররমণীমোহন এবং চাঁদপুরের ইব্রাহিমপুর ও হাইমচরে এই অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়িত হলে এই অঞ্চলে শিল্পায়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে লক্ষ লক্ষ বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি দেশের জিডিপি প্রবৃদ্ধিতে তা বিশাল ভূমিকা রাখবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়