সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:০২

ফরিদগঞ্জে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন

উপজেরার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে সামাজিক উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক এই সংগঠনটি ইতোমধ্যে গোটা জেলায় দ্যুতি ছড়াচ্ছে। 'মানবিক ও সামাজিক কল্যাণে অঙ্গীকারাবদ্ধ' শ্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২০১৯ সালে এক ঝাঁক স্বপ্নবাজ তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরু থেকেই স্থানীয় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হয়ে আসছে। ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই সংগঠনের মূল চালিকাশক্তি। অন্যদিকে, ইউনিয়নের সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এটিকে একটি সত্যিকারের জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বিশ্বব্যাপী করোনা (কোভিড-১৯) মহামারির সময় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে সময় তারা বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, মাস্ক বিতরণ, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

মহামারি পরবর্তী সময়েও সংগঠনটির কার্যক্রম থেমে থাকেনি। প্রতি রমজানে নিম্ন আয়ের মানুষের মাঝে গরুর মাংস, খাদ্যসামগ্রী, ইফতার, ফল ও ঈদ উপহার বিতরণ, নিয়মিত রক্তদান কর্মসূচি ও ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি রাস্তা সংস্কার, শীতবস্ত্র বিতরণ, বাৎসরিক মেডিকেল ক্যাম্প, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো সামাজিক উদ্যোগও নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতার সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা ঝুঁকি নিয়ে পানিবন্দী মানুষদের উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং জলাবদ্ধতা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

৭ বছরে ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ইতোমধ্যে জেলার একটি শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। শ্রেষ্ঠ সংগঠন হিসেবে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক সংগঠন থেকেও পুরস্কৃত হয়েছে। স্থানীয় দরিদ্র, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সংগঠনটি এখন একটি নির্ভরতার নাম। যে কোনো দুর্যোগ বা সংকটে মানুষ আশা করে এই সংগঠনটি তাদের পাশে দাঁড়াবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের জন্যে কিছু করার প্রত্যয় নিয়েই এই সংগঠনের যাত্রা শুরু করেছি। সংগঠনটির মাধ্যমে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতায় ৭ বছরে প্রায় ২০ লাখ টাকার সমপরিমাণ সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এজন্যে আমরা সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামী দিনে সংগঠনটিকে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান булбул আহম্মেদ বলেন, সংগঠনটি একটা সময় চমৎকার কাজ করেছে। আমি আমার স্থান থেকে যতোটুকু সম্ভব সহযোগিতা করেছি। সবার উচিত উক্ত সংগঠনকে সহযোগিতা করা।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন সম্পর্কে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদ বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অনেকটা ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো।’ তারপরও এসব সমাজকর্মীকে নানান প্রতিবন্ধকতার শিকার হতে হয়। অনেক কটু কথা শুনতে হয়। একজন সফল সংগঠককে ডাস্টবিন হতে হবে। সকল ময়লা আবর্জনা নিজের মধ্যে নিয়ে রিসাইকেল করে সুন্দর বিষয়গুলো ডেলিভারি দিতে হবে। তাহলেই সে একজন সফল সংগঠক হতে পারবে। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন বিগত বছরগুলোতে চমৎকার সব কাজ করে আসছে। ধন্যবাদ পাওয়ার মতো প্রতিষ্ঠানটি যথেষ্ট কাজ করেছে।

উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বেচ্ছাশ্রমে সামাজিক কাজ সবাই পারে না। যারা পারে তারাই মহৎ মানুষ, তারাই গুণী। জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের উচিত সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়