প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৯:১৮
হাইমচরে ৫০ বছরের পুরানো ভূমি বিরোধ মীমাংসা করলো চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিস

চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের দীর্ঘ প্রচেষ্টায় হাইমচরে ৫০ বছরের পুরানো ভূমি বিরোধ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
|আরো খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইমচরের দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা মনু মিয়া, আব্দুল কাদির ও সোনা মিয়া এ তিন ভাইয়ের মাঝে বিগত প্রায় ৫০ বছর ধরে বিরোধ ছিলো। তারা তাদের পৈত্রিক জমি ও কেনা জমি নিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে ঝগড়া-বিবাদ ও মামলা-মোকদ্দমায় জড়িয়ে ছিলেন। নিজেদের মধ্যে অসংখ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা-মোকদ্দমা করতে করতে তারা প্রায় নিঃস্ব হওয়ার উপক্রম হয়। এক সময় সোনা মিয়া মারা যান বিরোধ চলমান রেখেই। অতঃপর মৃত ভাইয়ের সন্তানরা চাচাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।
সর্বশেষ তাদের দুটি ফৌজদারি মামলা চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্যে ছিলো। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলা দুটির বাদী-বিবাদীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক ও দীর্ঘদিনের বিরোধের কথা শুনে স্বল্প সময়ে তাদের বিবাদ নিষ্পত্তির জন্যে চাঁদপুরের জেলা লিগ্যাল এইড অফিসে আপস-নিষ্পত্তির জন্যে প্রেরণ করেন।
জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবদুল আলীম এই ফৌজদারি মামলা দুটির আপস-নিষ্পত্তির দায়িত্ব পেয়ে নিজে মামলাগুলোর বাদী-বিবাদী, সংশ্লিষ্ট স্টাফ, পুলিশ সদস্য, আইনজীবী, সার্ভেয়ারসহ নালিশি জমি সরেজমিনে পরিদর্শন করেন। মামলার পক্ষদের নিয়ে সেখানে মীমাংসা সভা করেন। তিনি সংশ্লিষ্ট সার্ভেয়ার ও পক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তারা কাজ শুরু করেন। দফায় দফায় আসে নির্দেশনা, জেলা লিগ্যাল এইড অফিসে হয় একাধিক মীমাংসা সভা। সার্ভেয়ারগণ জেলা লিগ্যাল এইড অফিসে জমা দেন নালিশি জমির ছাহাম চিটা নকশা। এভাবে জেলা লিগ্যাল এইড অফিসারের ঐকান্তিক দীর্ঘ প্রচেষ্টায় এক পর্যায়ে বিবদমান পক্ষগুলোর মধ্যে বিরোধের পাহাড় টলতে থাকে। প্রায় ৫০ বছর পুরানো বিরোধে জড়িত মামলার পক্ষদের মধ্যে জেগে ওঠে শুভবুদ্ধি, জাগ্রত হয় আত্মীয়তার বন্ধন, বেজে ওঠে আপস-মীমাংসার জয়গান। সবশেষে ফৌজদারি মামলার পক্ষগণ জেলা লিগ্যাল এইড অফিসে নিজেদের নালিশি সম্পত্তি নিয়ে আপসে ছাহাম চিটা নকশাসহ একটি চুক্তি সম্পাদন করে নিজেদের মধ্যকার বিরোধ শেষ করেন, যেন তারা উভয়ই নিজেদের জমি বিষয়ে ভোগদখল, খাজনা পরিশোধ ও নামজারিসহ সকল কাজ করতে পারেন অনায়াসে। পরে বিগত ২০/০৪/২০২৬ খ্রি. তারিখে সে চুক্তি অনুযায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের মামলাগুলো আপসে শেষ হলে তারা উভয় পক্ষ হাসিমুখে নিজেদের গৃহে ফিরে যান, পরিবারে ফিরে আসে শান্তি।
উল্লেখ্য, জেলা লিগ্যাল এইড অফিস সবাইকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও আপস-মীমাংসা সেবা দিয়ে থাকে। এছাড়াও এই অফিস সমাজের দুঃখী-অসহায়, দরিদ্রসহ আইন নির্দিষ্ট আরও অনেককে সরকারি খরচে মামলা পরিচালনার জন্যে আইনজীবী নিয়োগসহ খরচ প্রদান করে থাকে। চাঁদপুরের জেলা লিগ্যাল এইড অফিসের হটলাইন নম্বর ০১৭১০২৬৭৩৮১। চাঁদপুর জেলা জজ আদালত ভবনের দ্বিতীয় তলার ৩৫ নম্বর কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসটি অবস্থিত।
ক্যাপশন :







