প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৯
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

দেশের সকল স্থানের ন্যায় চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। এ উপলক্ষে ভোরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকারে' পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মো. নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর এবং মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।
এ সময় উপস্থিত ছিলেন লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মো. খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা দুপুরে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন মো. নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি ছিলেন মো. রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে প্রত্যেক অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দিবসটি উপলক্ষে কোস্ট গার্ডের আয়োজনে চাঁদপুর শহরের পুরাতন লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট, চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ জাহাজ (বিসিজিএস কুতুবদিয়া) প্রদর্শন জনসাধারণের জন্যে উন্মুক্ত ছিলো।
সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমীর স্বাধীনতা দিবসের আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপরদিকে সকালে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। এর আগে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।








