শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:৫০

দুবাইয়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলনে ডিআইইউ চেয়ারম্যান ড. মো. সবুর খান

শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য নয়, উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য নয়, উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ৭ম ‘মেনা হায়ার এডুকেশন লিডারশিপ ফোরাম ২০২৬’-এ অন্যতম মূল বক্তা হিসেবে অংশ নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

গত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ দুবাইয়ের কেম্পিনস্কি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আন্তর্জাতিক এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সেন্টার ফর লার্নিং ইনোভেশনস অ্যান্ড কাস্টমাইজড নলেজ সলিউশন্স (ক্লিকস) আয়োজিত এবারের ফোরামের প্রতিপাদ্য ছিলো ‘বৈশ্বিক চ্যালেঞ্জ, স্থানীয় প্রভাব : একটি সহনশীল ভবিষ্যৎ গঠনে উচ্চশিক্ষার ভূমিকা’। এতে বিশ্বজুড়ে উচ্চশিক্ষা, সরকার, শিল্পখাত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় দিন (২৯ সেপ্টেম্বর) ‘সীমানা পেরিয়ে : কর্মক্ষেত্রের উপযোগিতা ও সামাজিক প্রভাব তৈরিতে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা’ শীর্ষক উদ্বোধনী প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন ড. মো. সবুর খান। ইউনিভার্সিটি অব বার্মিংহাম দুবাইয়ের প্রভোস্ট অধ্যাপক ইউসরা মুজুগির সঞ্চালনায় এ সেশনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও অন্যান্য অংশীজনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্যানেল আলোচনায় ড. মো. সবুর খান বলেন, “আমাদের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে প্রস্তুত করা নয়; বরং তাদের উদ্ভাবনে উৎসাহিত করা, নতুন নতুন সুযোগ তৈরি করতে সক্ষম করা এবং সমাজে কার্যকর অবদান রাখার মানসিকতা নিয়ে গড়ে তোলাও আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।”

উক্ত প্যানেল আলোচনায় আরও অংশ নেন আমেরিকান ইউনিভার্সিটি অব রাস আল খাইমাহর প্রেসিডেন্ট অধ্যাপক বাসাম আলামেদ্দিন, আজমান ইউনিভার্সিটির চ্যান্সেলর ড. করিম সেগির, মিশরের ব্রিটিশ ইউনিভার্সিটির কর্মসংস্থানবিষয়ক সহযোগী উপাচার্য ও ডিন অধ্যাপক আহমেদ এলসেরাগি, সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা ও মানব উন্নয়ন এবং শ্রমবাজারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ড. কিনান বাহনাসি এবং ম্যাকগ্র-হিল ইন্টারন্যাশনালের উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মরওয়েনা ক্র্যাগো।

আন্তর্জাতিক উচ্চশিক্ষার এ সম্মানজনক মঞ্চে ড. মো. সবুর খানের অংশগ্রহণ বৈশ্বিক শিক্ষাঙ্গনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রমবর্ধমান সুদৃঢ় অবস্থানের চিত্র তুলে ধরে। পাশাপাশি এর মাধ্যমে উচ্চশিক্ষা, উদ্ভাবন, কর্মসংস্থানমুখী দক্ষতা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময় ও সহযোগিতার নতুন পথ উন্মোচিত হলো।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়