শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২

আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় জেলা প্রশাসক

প্রবীণদের প্রতি শ্রদ্ধা-সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন

আব্দুল্লাহ আল মামুন
প্রবীণদের প্রতি শ্রদ্ধা-সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

‘প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ প্রান্তে এসে কোনো প্রবীণ যেন একাকিত্ব, অবহেলা বা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়ে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পরিবারেই প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক বলেন, “প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাঁদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তির বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে।”

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “বর্তমানে চাঁদপুর জেলায় ১ লাখ ২২ হাজার ১৪৮ জন প্রবীণ ব্যক্তি বয়স্ক ভাতা পাচ্ছেন। তবে এই ভাতার আওতা আরও বাড়ানো প্রয়োজন।” তিনি গণমাধ্যমের মাধ্যমে প্রবীণদের বিভিন্ন দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন।

প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভূঁইয়া বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, সুষম খাবার গ্রহণ এবং হালকা ব্যায়ামের মাধ্যমে প্রবীণরা সুস্থ থাকতে পারেন। একই সঙ্গে মানসিক চাপ মুক্ত থাকতে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জেলাভিত্তিক বিভিন্ন প্রবীণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়