প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৪:৩১
মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে

মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, একটি রান্না ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
|আরো খবর
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এলাকার লোকজন পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দুটি বসতঘর, একটি রান্না ঘর পুড়ে যায়।
বসতঘরের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আমার সব শেষ। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার দুটি বসতঘর, রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন জায়গা নেই। তিনি দাবি করে বলেন, সবকিছু মিলে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে সহযোগিতার জন্যে প্রার্থনা করছি।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে।







