শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১

ফরিদগঞ্জে ভোটে অনিয়মের অভিযোগ

পুনর্গণনা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি ধানের শীষের প্রার্থীর

শামীম হাসান।।
পুনর্গণনা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি ধানের শীষের প্রার্থীর

ফরিদগঞ্জে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অনিয়ম, জাল ভোট ও কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষ প্রতীকের পরাজিত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফরিদগঞ্জে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

লিখিত বক্তব্যে লায়ন হারুনুর রশীদ অভিযোগ করেন, উপজেলার একাধিক ভোটকেন্দ্রে পরিকল্পিতভাবে জাল ভোট দেওয়া হয়েছে। তাঁর নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। এতে করে ভোটগ্রহণের স্বচ্ছতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। আমার সমর্থকদের অনেককে কেন্দ্রের আশপাশে অবস্থান করতেও বাধা দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে তিনি জানান, ভোটের পরের দিন শুক্রবার স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক)-এর সমর্থকরা তাঁর এক কর্মীকে না পেয়ে ওই কর্মীর বাড়িতে হামলা চালায়। এ সময় কর্মীর শিশুকন্যাকে কুপিয়ে আহত করা হয় এবং বাড়িঘরে ভাংচুর করা হয় বলে তিনি দাবি করেন। আহত শিশুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

লায়ন হারুনুর রশীদ বলেন, “বর্তমানে আমার নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই এলাকা ছাড়ার কথা ভাবছেন। এমন পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন থেকে যায়।”

তিনি অনিয়মের অভিযোগ থাকা কেন্দ্রগুলোর ব্যাপারে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভোট পুনর্গণনা এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রশাসনের প্রতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন হারুনুর রশীদের ছেলে অপূর্ব, বড়ো মেয়ে তান্নিসহ স্থানীয় নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়