প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১১:১৪
জেলার ক্রীড়াঙ্গনে বড় সাফল্য
চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের চার বড় আসর
বাফুফের অনুকূলে মাঠ বরাদ্দ, ঢাকা ওয়ান্ডারার্সের হোম ভেন্যু চাঁদপুর

চাঁদপুর জেলা স্টেডিয়াম এবার দেশের ঘরোয়া ফুটবলের বড় আসরগুলোর অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে যাচ্ছে। ২০২৬-২৭ মৌসুমে স্বাধীনতা কাপ, সুপার কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হোম ভেন্যু হিসেবেও চাঁদপুর জেলা স্টেডিয়াম ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে।
|আরো খবর
জাতীয় ক্রীড়া পরিষদের ২৪ আগস্ট ২০২৬ তারিখের ৩৪.০৩.০০০০.০০০.০০৪.০৬.০০১০.২২.১০১৮ নম্বর স্মারকে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো পত্রে এ অনুমোদনের বিষয়টি জানা গেছে। এর আগে ২২ আগস্ট ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত চাঁদপুর জেলা স্টেডিয়ামের মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাফুফের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়।
বাফুফে সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ ফুটবল মৌসুমে দেশের বিভিন্ন আঞ্চলিক ভেন্যুতে স্বাধীনতা কাপ ২০২৬, সুপার কাপ ২০২৬, ফেডারেশন কাপ ২০২৬-২৭ এবং বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭-এর ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চাঁদপুর জেলা স্টেডিয়াম বরাদ্দের আবেদন করা হয়।
অন্যদিকে, বাংলাদেশ ফুটবল লিগের আসন্ন মৌসুমে অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব চাঁদপুর জেলা স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করে। ক্লাবটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাফুফের মাধ্যমে নির্ধারিত মেয়াদে স্টেডিয়ামটি ব্যবহারের অনুমোদন নিশ্চিত করা হয়েছে। এদিকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ ও সদিচ্ছায় চাঁদপুর জেলা স্টেডিয়ামকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনার প্রক্রিয়া শুরু হয়। একই সময়ে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাফুফের কাছে ক্লাবটির হোম ভেন্যু হিসেবে চাঁদপুরের নাম প্রস্তাব করেন। পরবর্তীতে সম্ভাব্যতা যাচাইয়ে গত ১৮ আগস্ট বাফুফের একটি প্রতিনিধি দল চাঁদপুর সফর করে স্টেডিয়ামের মাঠ, অনুশীলন সুবিধা ও আবাসন ব্যবস্থা পরিদর্শন করে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত মেয়াদে বাফুফের ফিক্সচার অনুসরণ করে চাঁদপুর জেলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ জন্য চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় সংশ্লিষ্টদের মাঠ ও ড্রেসিং রুম প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় সাংগঠনিক সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুর জেলা স্টেডিয়াম বাফুফের অধীনে এবং ঢাকা ওয়ান্ডারার্সের হোম ভেন্যু হিসেবে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের বড় বড় ফুটবল ম্যাচ চাঁদপুরে আয়োজনের সুযোগ তৈরি হওয়ায় জেলার ফুটবলাঙ্গনেও দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।







