প্রকাশ : ১০ মে ২০২৬, ২১:৩০
নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার জেলা পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ
ফুটবলে বালক-বালিকা চাঁদপুর সদর, ক্রিকেটে চাঁদপুর পৌরসভা, বালক কাবাডিতে মতলব দক্ষিণ উপজেলা চ্যাম্পিয়ন

'স্বপ্নের পথে, বিজয়ের সাথে' এই প্রতিপাদ্যে চাঁদপুরে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নয় দিনব্যাপী 'নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬'-এর চাঁদপুর জেলা পর্বের প্রতিযোগিতা।
রোববার (১০ মে ২০২৬) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে দলীয় ট্রফি ও ব্যক্তিগত পদক তুলে দেন। এর মাধ্যমে এদিন পর্দা নামে গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন হওয়া দেশব্যাপী ক্রীড়া উৎসব 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' এর চাঁদপুর জেলা পর্বের প্রতিযোগিতার।
রোববার সকাল থেকে জেলা স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন, কারাতেসহ ৮টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ফলাফলে দেখা যায়, চাঁদপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ফুটবলে বালিকায় চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা। রানার আপ হয় মতলব দক্ষিণ উপজেলা। ম্যান অব দ্যা ম্যাচ হয় জান্নাতুল ফেরদৌস। চাঁদপুর সদর ১-০ গোলে জয়ী হয়।
বালক ফুটবলে মতলব উত্তর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর উপজেলা। ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার পেয়েছে চাঁদপুর সদর উপজেলা দলের রবিন মিজি।
বালকদের কাবাডিতে মতলব দক্ষিণ উপজেলা চ্যাম্পিয়ন ও রানারআপ হয় কচুয়া উপজেলা। বালিকাদের কাবাডিতে মতলব দক্ষিণ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর উপজেলা।
ক্রিকেটে বালকে চাঁদপুর পৌরসভা চ্যাম্পিয়ন এবং শাহরাস্তি উপজেলা রানাআপ হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার জিতেছে চাঁদপুর পৌরসভা দলের অন্তর ঘোষ প্রান্ত। বালিকা ক্রিকেটে জেলায় মতলব দক্ষিণ উপজেলা চ্যাম্পিয়ন এবং কচুয়া উপজেলা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় মতলব দক্ষিণ উপজেলা দলের উপমা সরকার।
মার্শাল আর্ট প্রতিযোগিতায় চাঁদপুর সদর, পৌরসভা, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার আটজনকে চ্যাম্পিয়ন ও রানারআপ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে রয়েছে চাঁদপুর সদরে দুজন, পৌরসভায় দুজন, মতলব দক্ষিণে দুজন ও কচুয়ায় দুজন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি চাঁদপুর জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের কুমিল্লা অঞ্চল পর্বে সফলতা কামনা করেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন জানান, ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট--এই ৮টি ইভেন্টে জেলার ১২ থেকে ১৪ বছর বয়সী ২২০৪ জন শিক্ষার্থী কিশোর-কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশ নিয়েছে।
প্রতিযোগিতাশেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এদিন বিজয়ীদের মাঝে ৩০৮টি পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা পর্যায়ে বিজয়ীরা পর্যায়ক্রমে অঞ্চল পর্ব, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।








