প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৯:১৪
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাতে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মজিবুর রহমান ভূঁইয়া চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে গেলেও মজিবুর রহমান ভূঁইয়া প্রকাশ্যেই ছিলেন। তিনি নিয়মিত চাঁদপুর আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মজিবুর রহমান ভূঁইয়াকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।








