প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:০০
জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে জমকালো এক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি’। অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন; ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।
শনিবার (২২ আগস্ট ২০২৬) ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি অডিটোরিয়ামে এই অভিষেক ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনটির নবগঠিত কমিটির পরিচয় পর্ব ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক জামশেদ আলম রানার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, জালাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুর রহমান সবুজ, আপ্যায়ন সম্পাদক ফারুক সোহাগসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ফেনী অ্যাসোসিয়েশন শুধু মিলনমেলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রমও পরিচালনা করবে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশেও সংগঠনটির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ সংগঠন কাজ করবে বলে জানান তারা।
অনুষ্ঠানের আয়োজক ফেনী অ্যাসোসিয়েশন হলেও এতে আমন্ত্রিত হয়ে সব জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ফলে এটি অনেক দিন পর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের ব্যাপক আয়োজন ছিল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এই মিলনমেলা সামাজিক বন্ধন অটুট রাখতে এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে ভূমিকা রাখবে বলে জানান অংশগ্রহণকারীরা।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
সভাপতি : আনিসুর রেজা সিজার; সহ-সভাপতি : বেলাল হোসেন ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, জালাল আহমেদ, আব্দুল মান্নান, কুতুব উল্লাহ, শহিদ উল্লাহ্ ও শহিদ উদ্দিন; সাধারণ সম্পাদক : জামশেদ আলম রানা; সহ-সাধারণ সম্পাদক : মাহবুবুল হক; সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ আলমগীর; দপ্তর সম্পাদক : আহমেদ শাকিল; কোষাধ্যক্ষ : মোহাম্মদ মামুন; প্রচার সম্পাদক : কাজী মিজানুর রহমান; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : আশরাফুর রহমান সবুজ; সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : আহসান মনছুর সাগর; আপ্যায়ন সম্পাদক : ফারুক সোহাগ; সহ-আপ্যায়ন সম্পাদক : সোহাগ মিয়া; ধর্মবিষয়ক সম্পাদক : মাস্টার শাহজাহান; সমাজসেবা সম্পাদক : রেজাউল করিম আরমান; সহ-সমাজসেবা সম্পাদক : শরিফুল ইসলাম সোহেল।
এ ছাড়া সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা হলেন : ফারজানা রেজা কনা, খালেদা আলম রুমা, বকুল রহমান, ইয়াসমিন আহমেদ মিতা ও তাসলিমা নাসরিন রুমকি।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন : মাওলানা আবু বকর সিদ্দিক, আহমেদ আলাউদ্দিন, শেখ শাহজাদা, কামাল লুক্স, আসিফ খান মনছুর ও আবুল কালাম।







