শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৪৬

হাজীগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে অভিনন্দন

স্থানীয় সাংবাদিকতার উৎকর্ষ সাধন, পেশাগত মান উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রেসক্লাবগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন স্থানীয় গণমাধ্যম অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। সর্বসম্মতিক্রমে দৈনিক কালের কণ্ঠ ও ৭১ টিভির হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি পাপ্পু মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নবগঠিত এই কমিটি সুসংগঠিত এবং কার্যকর অভিভাবকত্ব পাবে বলে আশা করা যায়।

একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জহিরুল ইসলাম লিটনের নেতৃত্বে গঠিত সমন্বয় কমিটি যেভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেছে, তা প্রশংসনীয়। বিদায়ী নেতৃত্ব এবং নতুন নেতৃত্বের এই সুসম্পর্ক হাজীগঞ্জের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সহায়ক হবে। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ ও সত্য উদ্ঘাটনে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। স্থানীয় পর্যায়ের নানা সমস্যা, জনদুর্ভোগ এবং দুর্নীতির খবর সাহসিকতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি সমাজের ইতিবাচক দিকগুলো প্রকাশেও গণমাধ্যমকর্মীদের একসূত্রে কাজ করা প্রয়োজন।

আমরা আশা করি, নতুন মেয়াদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ২১ সদস্যের পুরো কার্যকরী কমিটি পেশাগত সততা, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার ধারা অব্যাহত রাখবে। সর্বস্তরের সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবেÑএটাই আমাদের প্রত্যাশা। নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়