শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৩:৫৮

কালজয়ী প্রধান শিক্ষকের এমন স্মরণ অব্যাহত থাকুক

অনলাইন ডেস্ক
কালজয়ী প্রধান শিক্ষকের এমন স্মরণ অব্যাহত থাকুক

একজন আদর্শ শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না; তিনি প্রজন্মের চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ নির্মাণ করেন। মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রেক্টর, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাগুরু মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন তেমনই একজন শিক্ষক। তঁার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা তাই নিছক আনুষ্ঠানিকতা নয়; এটি একটি শিক্ষাদর্শ, একটি ঐতিহ্য এবং একটি আলোকিত প্রজন্মের উত্তরাধিকারকে স্মরণ করার গুরুত্বপূর্ণ প্রয়াস।

আজকের সময়ে শিক্ষাব্যবস্থা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। পরীক্ষার ফল, জিপিএ কিংবা সনদনির্ভর সাফল্যের প্রতিযোগিতায় শিক্ষার মূল উদ্দেশ্য-মানুষ তৈরি-অনেক সময় আড়ালে পড়ে যায়। এমন বাস্তবতায় ওয়ালী উল্লাহ পাটোয়ারীর মতো শিক্ষকের জীবন ও কর্ম নতুন করে সামনে আনা বিশেষ তাৎপর্যপূর্ণ। তঁার শিক্ষার্থীরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছেন-এ অর্জন প্রমাণ করে, একজন নিবেদিত শিক্ষক তঁার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে কতো দূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারেন।

স্মরণসভায় উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম যথার্থই বলেছেন, ওয়ালী উল্লাহ পাটোয়ারী শুধু শিক্ষাগুরু ছিলেন না, ছিলেন শিক্ষার এক অনন্য জাদুকর। তঁার আদর্শ ও ঐতিহ্য ধারণ করে বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বানটি তাই সময়োপযোগী। কারণ কেবল জ্ঞানী মানুষ নয়, সৎ, সাহসী, বিনয়ী, দায়িত্বশীল ও মানবিক মানুষ গড়ে তোলাই প্রকৃত শিক্ষার সাফল্য।

তবে কোনো মহান শিক্ষককে স্মরণ করার সবচেয়ে কার্যকর পন্থা শুধু প্রতিবছর মৃত্যুবার্ষিকী পালন নয়; তঁার আদর্শকে শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ডে বাস্তবায়ন করা। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়ানো এবং বিদ্যালয়ের ঐতিহাসিক সুনাম ধরে রাখার উদ্যোগই হবে তঁার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তঁার নামে বৃত্তি, স্মারক বক্তৃতা, শিক্ষাবিষয়ক পুরস্কার বা আদর্শ শিক্ষক-শিক্ষার্থী কর্মসূচি চালু করা গেলে নতুন প্রজন্ম তঁার জীবন ও দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হতে পারে।

মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য দীর্ঘদিনের। সেই ঐতিহ্যের অন্যতম নির্মাতা ওয়ালী উল্লাহ পাটোয়ারী। তাই তঁার স্মৃতি সংরক্ষণ কেবল একটি বিদ্যালয়ের দায়িত্ব নয়; এটি মতলবের শিক্ষাঙ্গন ও সমাজেরও নৈতিক দায়িত্ব। প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে-একজন শিক্ষক কীভাবে মানুষের জীবন বদলে দিতে পারেন, কীভাবে একটি প্রতিষ্ঠানকে আলোর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারেন।

মৃত্যু মানুষকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আদর্শবান মানুষের কর্ম তঁাকে বঁাচিয়ে রাখে মানুষের হৃদয়ে। ওয়ালী উল্লাহ পাটোয়ারীর জীবন ও কর্মও তেমনই এক আলোকবর্তিকা। তঁার স্মরণ হোক আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মানবিক প্রজন্ম গঠনের প্রেরণা। কালজয়ী এই প্রধান শিক্ষকের এমন স্মরণ অব্যাহত থাকুক-তঁার আদর্শে আলোকিত হোক আগামী দিনের মতলব, আগামী দিনের বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়