মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৪

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষা সমান গুরুত্ব পাক

অনলাইন ডেস্ক
ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষা সমান গুরুত্ব পাক

শিক্ষার প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে নয়; একজন শিক্ষার্থী কতোটা সৎ, মানবিক, দায়িত্বশীল ও আদর্শবান মানুষ হয়ে উঠতে পারলো তার মধ্যেই শিক্ষার আসল সার্থকতা। ফরিদগঞ্জের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের বক্তব্যে এই চিরন্তন সত্যটিই আবারও সামনে এসেছে।

বর্তমান সময়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল করানোর প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। অভিভাবকের প্রত্যাশা, বিদ্যালয়ের ফলাফলভিত্তিক মূল্যায়ন এবং সামাজিক প্রতিযোগিতার চাপে অনেক সময় শিক্ষার বৃহত্তর উদ্দেশ্যটি আড়ালে পড়ে যায়। অথচ শুধু জিপিএ, সার্টিফিকেট কিংবা পরীক্ষার নম্বর একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে না। সততা, সহমর্মিতা, শৃঙ্খলা, দেশপ্রেম, পরমতসহিষ্ণুতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ ছাড়া উচ্চশিক্ষিত একজন মানুষও সমাজের জন্যে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেন না। এ কারণে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সৃজনশীল কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার সঙ্গে যুক্ত করা জরুরি। এসব কার্যক্রম একজন শিশুর মননশীলতা ও নেতৃত্বের গুণ বিকাশে সহায়তা করে, তাকে আত্মবিশ্বাসী ও সামাজিকভাবে দায়িত্বশীল করে তোলে। বিদ্যালয় এ ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবারের ভূমিকাও অপরিসীম। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী দেখছে বা কী শিখছে এসব বিষয়ে অভিভাবকের সচেতন নজরদারি ও বন্ধুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশু-কিশোরদের সামনে যেমন জ্ঞানের অসীম সুযোগ তৈরি হয়েছে, তেমনি বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাবের ঝুঁকিও বেড়েছে। তাই নিষেধাজ্ঞার পরিবর্তে সন্তানদের সঙ্গে নিয়মিত কথা বলা, তাদের মানসিক জগৎ বোঝা এবং ভালো-মন্দের পার্থক্য উপলব্ধি করার সক্ষমতা তৈরি করা জরুরি।

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন তাই শুধু কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার একটি আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষা নিয়ে বৃহত্তর সামাজিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা যেমন তাদের উৎসাহিত করবে, তেমনি তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

আমরা চাই, দেশের প্রতিটি বিদ্যালয়ে এমন উদ্যোগ আরও বিস্তৃত হোক। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজ সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে উঠুক, যেখানে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষাও সমান গুরুত্ব পাবে। কারণ শেষ পর্যন্ত জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় শুধু কতজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো করেছে তা দিয়ে নয়; বরং কতজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠেছে, তার ওপর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়