মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:২২

পুলিশের এমন সাফল্যে সন্তুষ্ট হতেই হয়

অনলাইন ডেস্ক
পুলিশের এমন সাফল্যে সন্তুষ্ট হতেই হয়

বর্বরোচিত কোনো অপরাধের পর অপরাধীকে দ্রুত বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যাটারিচালিত অটোবাইক চালক ছিদ্দিক হাওলাদারকে স্বল্পতম সময়ে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ সেই দায়িত্বশীলতারই উৎকৃষ্ট প্রমাণ দিয়েছে। তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট কৌশল প্রয়োগ করে অজ্ঞাতনামা আসামি থেকে অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করার এই দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পুলিশের এমন তৎপরতা ও সাফল্যে সাধারণ মানুষের আশান্বিত হওয়ার যৌক্তিক কারণ রয়েছে।

ঘটনার নৃশংসতা যে কোনো সচেতন নাগরিককে শিউরে ওঠানোর মতো। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে অটোবাইকে ওঠা একটি অবুঝ শিশুকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এমন পাশবিক নির্যাতন কেবল অপরাধই নয়, তা পুরো সমাজের নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তোলে। তবে অপরাধ সংঘটিত হওয়ার পরপরই পুলিশ হাত গুটিয়ে বসে থাকেনি। ঘটনার দুই দিনের মাথায় আত্মগোপনে থাকা অভিযুক্তকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে অপরাধের স্বীকারোক্তি আদায় প্রমাণ করে যে, সদিচ্ছা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটলে অপরাধী পার পায় না।

পুলিশের এই তাৎক্ষণিক সফলতা যেমন ভুক্তভোগী পরিবারটিকে ন্যায়বিচারের স্বপ্ন দেখাচ্ছে, তেমনই সমাজের অপরাধিচক্রকেও একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। কিন্তু কেবল গ্রেপ্তারেই পুলিশি তৎপরতার সমাপ্তি ঘটে না। এবার নিশ্চিত করতে হবে একটি ত্রুটিমুক্ত, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ তদন্ত প্রতিবেদন (চার্জশিট)। প্রায়শই দেখা যায়, তদন্তের ফাঁকফোকর কিংবা প্রমাণের অভাবে মূল অপরাধীরা আদালতের কাঠগড়া থেকে রেহাই পেয়ে যায়। ফরিদগঞ্জের এই ঘটনায় যেন তার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারে এ জাতীয় দ্রুত পদক্ষেপের বিকল্প নেই। শিশু ধর্ষণের মতো সংবেদনশীল ও জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক এবং দ্রুত বিচার নিশ্চিত হলে সম্ভাব্য অপরাধীরা অপরাধ করার আগে হাজারবার ভাববে। ফরিদগঞ্জ থানা পুলিশের এ ধরনের পেশাদারিত্ব অব্যাহত থাকুক-এটাই আমাদের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়