বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮

২০ বছর ধরে যে সড়কে বেহাল দশা!

অনলাইন ডেস্ক
২০ বছর ধরে যে সড়কে বেহাল দশা!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয় হতে ঢালীরঘাট পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা বিরাজ করছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচুরা অংশের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের। সড়কে চলাচলকারী যানবাহনগুলো ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পেয়ে আসছে। বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। প্রায় সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। জানা যায়, এ সড়ক দিয়ে ইট, বালু, পাথর ও মাটিসহ অন্যান্য নির্মাণসামগ্রী বহনকারী ভারী ট্রাক চলাচল করার কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যায়। পূর্বে সড়কটি সংস্কার করা হলেও নিম্নমানের কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে সড়কটি বেহাল দশায় পতিত হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে বিশালাকার গর্ত হয়ে আছে। যানবাহনগুলো ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীসহ জনসাধারণকে এই দুর্ভোগের মধ্যেও চলাচল করতে হয়। সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। গত ক’দিনের বৃষ্টির কারণে গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। ভারী যানবাহন চলাচল করায় সড়কটি দ্রুত নষ্ট হয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, প্রায় ২০ বছর ধরে এই সড়কে বেহাল অবস্থা বিরাজ করে আসছে। টেকসই ও গুণগত মান নিয়ে সড়কটি পুনঃনির্মাণ করা হলে ভারী যানবাহন চলাচল করলেও অল্প সময়ের মধ্যে নষ্ট হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দিয়ে দ্রুত বাগাদী-ঢালীরঘাট সড়ক সংস্কার করবে বলে ভুক্তভোগীদের প্রত্যাশা। যদ্দুর জানা যায়, নব্বই’র গণ-অভ্যুত্থানের পর বিএনপি সরকার গঠন করলে চাঁদপুর-৩ আসনের এমপি প্রফেসর মো. আব্দুল্লাহ বাগাদী গণি স্কুল-ঢালীরঘাট সড়কটি উন্নয়নের উদ্যোগ নেন। ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সাথে চাঁদপুর শহরের সংক্ষিপ্ত যোগাযোগ স্থাপনে এ সড়কটির বিশেষ গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে ঢালীরঘাটে ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মিত হলে চাঁদপুর শহর থেকে কোনো যানবাহন যানজটপূর্ণ সড়ক ঘুরে কয়েক কিলোমিটার পথ অতিরিক্ত পাড়ি দিয়ে চাঁদপুর সেতু পার হয়ে ফরিদগঞ্জসহ অন্যান্য গন্তব্যে যাতায়াত করবে না। সেক্ষেত্রে ঢালীরঘাট-বাগাদী গণি স্কুল সড়কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেজন্যে প্রায় ২০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাবা দরকার। স্থানীয় এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক এ বিষয়ে হস্তক্ষেপ করলে সড়ক উন্নয়নের কাজটিতে দ্রুত অগ্রগতি সাধিত হতে পারে বলে বিশ্বাস রাখি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়