প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৪
ছোট সংগঠনের অনেক বড় কাজ

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের জনদুর্ভোগ কমাতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন’। জনসেবার ব্রত নিয়ে সম্প্রতি বর্ষায় বেহাল হয়ে পড়া আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি নিজস্ব উদ্যোগে সংস্কার করেছেন সংগঠনটির নিবেদিতপ্রাণ কর্মীরা। বিষ্ণুপুর থেকে সফরমালী ও মুন্সীরহাট হয়ে মতলব পর্যন্ত সংযোগ রক্ষাকারী এই বিটি রোডটি স্থানীয় হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান পথ। বর্ষার প্রভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ও পথচারীদের হাঁটাচলা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো। চরম দুর্ভোগের শিকার হয় সাধারণ জনগণ। এই জনদুর্ভোগ নিরসনে বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন এগিয়ে আসে এবং নিজ অর্থায়নে ইট ও বালু দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই মেরামত কাজ সম্পন্ন হয়। চলতি বছরের মার্চ মাসে যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনটি অতি অল্প সময়ের মধ্যেই স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। কেবল সড়ক সংস্কারই নয়, শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নেও সংগঠনটি বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে এলাকার স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে বিভিন্ন স্থানে টয়লেট নির্মাণ এবং স্বাস্থ্যসেবা উপকরণ বিতরণের মাধ্যমে তারা তৃণমূল পর্যায়ে পরিবর্তনের ছোঁয়া পৌঁছে দিচ্ছে।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আক্তার হোসেন বকাউল বলেন, রাজনীতি ও ব্যবসার পাশাপাশি মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমাদের ফাউন্ডেশনের তরুণ ও কর্মঠ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। বর্ষার এই মৌসুমে মানুষের ভোগান্তি কমানো আমাদের প্রধান উদ্দেশ্য ছিলো। আমরা চাই এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ সব ধরনের উন্নয়নমূলক কাজে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে। তিনি আরো যোগ করেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও এলাকার সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এলাকাবাসী জানায়, জেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। স্বেচ্ছাসেবী এমন উদ্যোগগুলোই প্রকৃতপক্ষে তৃণমূলের মানুষের জীবনযাত্রার মান বদলে দিচ্ছে।
সচেতন মহলের মতে, সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এমন স্বেচ্ছাশ্রমমূলক কাজ গ্রামীণ অবকাঠামোর স্থায়িত্ব ধরে রাখতে বড় ভূমিকা রাখছে। বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশনের এই নিরবচ্ছিন্ন সেবা কার্যক্রম আগামী দিনে এলাকার আরো বড় পরিসরে উন্নয়নের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন চাঁদপুর সদর উপজেলাব্যাপী বা জেলাব্যাপী অনেক বেশি পরিচিত, আলোচিত ও অনেক বড় বিখ্যাত কোনো সংগঠন নয়। এটি ছোটখাট একটি সংগঠন বলেই মনে হচ্ছে। তবে একটি বহুল পরিচিত জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা দূরীকরণে গত মঙ্গলবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা যে কাজটি করেছে, সেটি নিঃসন্দেহে অনেক বড় কাজ। সমকালীন চাহিদা পূরণে যে ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান দ্রুত সাড়া দেয়, সেটি যে যথার্থ হয় তা বিশদভাবে লিখে বোঝানোর প্রয়োজন হয় না। পথের দুর্ভোগ ও অপেক্ষার যন্ত্রণা যে কতো বড় কষ্টকর, সেটা কেবল ভুক্তভোগীই উপলব্ধি করতে পারে। এ উপলব্ধির সঞ্চার যদি ব্যাপকভাবে হয়, তাহলে স্বতঃস্ফূর্তভাবে কেউ না কেউ এগিয়ে আসে। ‘বিষ্ণুপুর সমাজসেবা ফাউন্ডেশন’-এর সদস্যরা তেমনই। তাদের স্বেচ্ছাশ্রমে ও নিজ অর্থ ব্যয়ে একটি বহুল পরিচিত গুরুত্বপূর্ণ সড়কের কিছু অংশের বেহাল দশা দূর হলো, সেটা কম কিসে! আমরা এজন্যে তাদের সাধুবাদ জানাই। তাদের কাছ থেকে আরো এমন কিছু প্রত্যাশা করছি।







