প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১:০৪
যুক্তরাজ্যে হাসনাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, হামলার অভিযোগ
এনসিপি ইউকে অ্যালায়েন্সের পাল্টা দাবি

লন্ডন সফরে থাকা হাসনাত আব্দুল্লাহসহ চারজনের বিরুদ্ধে যুক্তরাজ্যের কেমব্রিজ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) দায়ের করা এ মামলায় হামলা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী এবং শাহীন আলম। এছাড়া মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এদিকে, জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ থানায় নিয়ে গেছে বলে দাবি করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।
নিজেকে হামলার শিকার (ভিক্টিম) দাবি করা জুবায়ের অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালান। তার ভাষ্য, অভিযুক্তদের গাড়ি চালানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার ওপর চড়াও হন। এই অভিযোগের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুন ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স দাবি করে, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন হাসনাত আব্দুল্লাহ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে মামলার অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এবং দায়-দায়িত্বের বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।







