সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:৩৮

ভালোভাবেই পুনরুজ্জীবিত হোক চাঁদপুর ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
ভালোভাবেই পুনরুজ্জীবিত হোক চাঁদপুর ফাউন্ডেশন

চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি ফাউন্ডেশনের জমি দখলমুক্ত করা, উচ্ছেদ অভিযান পরিচালনা, সাইনবোর্ড স্থাপনসহ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় চাঁদপুর ফাউন্ডেশনের সম্পদ, জমি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকা সঞ্চিত রয়েছে এবং চাঁদপুর পৌর এলাকায় ১৬ শতক জমি রয়েছে। এই সম্পদকে কাজে লাগিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্যে শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সদস্যরা মতামত প্রদান করেন। সভায় ফাউন্ডেশনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে এর কার্যক্রম পুনরায় সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়। দীর্ঘদিন ধরে স্থবির থাকা কার্যক্রমকে গতিশীল করতে জমির রেকর্ড সংশোধন, সীমানা নির্ধারণ, সীমানা প্রাচীর নির্মাণ এবং জমি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ফাউন্ডেশনের আর্থিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে ব্যাংক হিসাব পরিচালনা এবং এফডিআরের মুনাফা শিক্ষাবৃত্তি খাতে ব্যয়ের প্রস্তাব গৃহীত হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, ফাউন্ডেশনের নামে একটি কার্যকর ব্যাংক হিসাব পরিচালনা করা হবে এবং সেখান থেকে অর্জিত মুনাফা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ব্যয় করা হবে। পাশাপাশি জমির সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণের কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ফাউন্ডেশনের সম্পদ সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠন এবং শিক্ষাবৃত্তিমূলক কার্যক্রম চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমন সিদ্ধান্তকে আমরা সময়োপযোগী ও বহুল প্রতীক্ষিত বলে মনে করছি। বর্তমান জেলা প্রশাসকের পূর্বে অন্য ২-১ জন জেলা প্রশাসক চাঁদপুর ফাউন্ডেশনকে নিয়ে এগুতে গিয়ে আবার পিছিয়ে গেছেন। আশা করি, বর্তমান জেলা প্রশাসক যেভাবে এগিয়ে এসেছেন এবং মঙ্গলবারের সভায় যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তাতে চাঁদপুর ফাউন্ডেশন ভালোভাবে পুনরুজ্জীবিত হবেই।

উল্লেখ করা দরকার, চাঁদপুর ফাউন্ডেশন কিন্তু কুমিল্লা ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তহবিলের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান। বৃহত্তর কুমিল্লা তিনটি জেলায় ভাগ হয়ে গেলে চাঁদপুর ফাউন্ডেশন গড়ে তোলার উপযোগিতা তৈরি হয়। কিন্তু নানা কারণে ৪১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এ ফাউন্ডেশন নিজস্ব ভূমি ও তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারে নি সংশ্লিষ্টরা। মঙ্গলবারের সভার সিদ্ধান্তের আলোকে এবার ভূমি ও তহবিলের ব্যবহার নিশ্চিত হবে এবং চাঁদপুর ফাউন্ডেশন ভালোভাবেই পুনরুজ্জীবিত হবে বলে আমরা বিশ্বাস রাখি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়