বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:১০

তারের এই জঞ্জাল দূর করার দায়িত্ব কার?

অনলাইন ডেস্ক
তারের এই জঞ্জাল দূর করার দায়িত্ব কার?

‘বৈদ্যুতিক খুঁটিতে তারের জঞ্জাল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে’-এটি গতকাল চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত একটি সংবাদ শিরোনাম। সংবাদটিতে লিখা হয়েছে, চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট, ডিস ও টেলিফোন লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শহরের কালীবাড়ি মোড়, নতুন বাজার মোড়, ব্যাংক কলোনী, ছায়াবাণী, হাজী মহসিন রোড, রহমতপুর কলোনী, মাদ্রাসা রোডসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ছোট ছোট বৈদ্যুতিক খুঁটিতে মাকড়সার জালের মতো অসংখ্য তার ঝুলতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, একাধিক ইন্টারনেট ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার তার একই খুঁটিতে অপরিকল্পিতভাবে সংযোগ দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অনেক স্থানে তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, আবার কোথাও খুঁটি থেকে ঝুলন্ত তার পথচারীদের গায়ে লেগে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে বর্ষাকাল ও ঝড়ো আবহাওয়ায় এ ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানান এলাকাবাসী। স্থানীয় পথচারীরা জানান, প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত তারগুলো অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। চাঁদপুর শহরে বৈদ্যুতিক খুঁটি থেকে তারের জঞ্জাল দূর করার দায়িত্ব অবশ্যই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি)-এর। কিন্তু সে দায়িত্ব তারা সজ্ঞানে সচেতনভাবে পালন করছে না-এটা অকপটে বলতে কেউই দ্বিধা করবে না। এ সংবাদ প্রকাশের পরপরই বিউবো ক্ষেপে গিয়ে তারের জঞ্জাল সাফ করলে নিঃসন্দেহে ডিস ও ইন্টারনেট ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত ও বিক্ষুব্ধ হবেন। এজন্যে প্রথমত ইন্টারনেট প্রোভাইডার ও ডিস লাইনের ব্যবসায়ীদের সাথে সভা করে তাদেরকে যুক্তিযুক্ত সময় দিতে হবে, যাতে তারা তাদের তার সরিয়ে নিয়ে ইন্টারনেট ও ডিস লাইনের সেবাটা অক্ষুণ্ন রাখতে পারে। তারপর লিখিত চিঠি পাঠিয়ে ও মাইকিং করে তারের জঞ্জাল অপসারণের উদ্যোগ নিতে হবে। এর আগেও এই সম্পাদকীয় নিবন্ধে আমরা এ ব্যাপারে বিউবো’র দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু টনক তাদের নড়ে নি। হয়তো দেশের গতানুগতিক প্রবণতায় আক্রান্ত বিউবো। তাদের বৈদ্যুতিক খুঁটিতে তারের জঞ্জালের কারণে বড়ো ধরনের দুর্ঘটনার জন্যেই তারা অপেক্ষা করছে। আর সচেতন ও পর্যবেক্ষক মহলকে সেই অপেক্ষার যন্ত্রণাতেই ভুগতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়