শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১২:১৩

এমন যুব সমাজই সর্বত্র দরকার

অনলাইন ডেস্ক
এমন যুব সমাজই সর্বত্র দরকার

চাঁদপুর কণ্ঠে বুধবার 'মতলবে যুব সমাজের নিজস্ব অর্থায়নে পাকা সড়ক সংস্কার, এলাকাবাসীর দুর্ভোগ হ্রাসে স্বস্তি' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদটির শিরোনাম দেখেই বোঝা যায়, সংবাদটির গর্ভে কী আছে। সংবাদটিতে

মাহবুব আলম লাভলু লিখেছেন,

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় যুব সমাজের উদ্যোগে মেরামত করা হয়েছে। এতে চরম দুর্ভোগ থেকে রক্ষা পেলো এলাকাবাসী। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নবুরকান্দি যাওয়ার পথে রহিমার বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়। ফলে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি ক'দিনের টানা ভারী বৃষ্টিতে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে এবং এটি প্রায় সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এমন পরিস্থিতিতে এলাকার যুব সমাজ এগিয়ে আসে। তারা নিজস্ব অর্থায়নে রাস্তাটির গর্তগুলোতে ইটের খোয়া ও বালু ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলে। এই উদ্যোগে নেতৃত্ব দেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মকশেদ আলী। তাঁর সঙ্গে ছিলেন শ্রমিকদল নেতা আমিনুল হক মিজি, জাহাঙ্গীর কাজী, নাজমুল মোল্লা, শরীফ প্রধান, মোস্তফা মাঝি ও সেলিম মোল্লা। তারা সম্মিলিতভাবে নিজস্ব টাকা ব্যয় করে রাস্তাটি সংস্কার করেন। ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মকশেদ আলী জানান, বিভিন্ন স্থানে সড়কে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি মেরামতের ফলে এখন চলাচলে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারছে।

স্থানীয়দের মতে, যুব সমাজের এই কল্যাণধর্মী স্বতঃস্ফূর্ত উদ্যোগ ইতোমধ্যেই পুরো উপজেলায় প্রশংসিত হয়েছে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, এমপি মহোদয়ের সংস্কার প্রকল্প তালিকায় এ সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদন হয়ে আসলে সড়কটি দ্রুত সংস্কার করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি বলেন, যুব সমাজের এ ধরনের উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানাই। মানবিক ও সামাজিক কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, ক্ষমতার অবব্যবহার, আস্ফালন, ভূমিদস্যুতাসহ বিভিন্ন ধরনের অপবাদে যুব সমাজের বিরাট একটি অংশ যেখানে প্রশ্নবিদ্ধ; এখন 'যৌবন যার যুদ্ধ যাবার তার শ্রেষ্ঠ সময়'-এর মর্মার্থ যাদের অধিকাংশই বোঝে না, তাদের বিপরীতে মতলব উত্তর উপজেলার ক্ষুদ্র একটি জনপদের যুব সমাজ নিজ অর্থায়নে পাকা সড়ক সংস্কার করার কাজে অর্থায়ন করার যে সাহসিকতা দেখিয়েছে, সেটি প্রশংসিত হয়েছে তো বটেই, অনুকরণীয় তো অবশ্যই। শাসক দলের অঙ্গ সংগঠন যুবদলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতাতেও যে রাজনীতি চর্চার বাইরে সমকালীন চাহিদা মেটাতে সরকারি অনুদানের জন্যে অপেক্ষা না করে স্বেচ্ছা অনুদানে সমস্যার সমাধানে এগিয়ে আসা যায়, তার উৎকৃষ্ট দৃষ্টান্ত মতলব উত্তরের এ যুব সমাজ। দেশের সর্বত্র যুব সমাজের অপবাদের ম্লানিমা মুছে ফেলতে মতলব উত্তরের এ যুব সমাজ হতে পারে প্রেরণার উৎস। আমরা স্থানীয় প্রশাসন ও এমপি মহোদয়কে এমন যুব সমাজকে যথার্থ মূল্যায়ন করা ও প্রণোদনা দেয়ার আবশ্যকতা অনুধাবন করার অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়